ঢাকা     বৃহস্পতিবার   ১৪ মে ২০২৬ ||  বৈশাখ ৩১ ১৪৩৩ || ২৬ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

গাজীপুরে অটোরিকশা চালককে হত্যা, ঘটনাস্থল থেকে ওড়না জুতা উদ্ধার

গাজীপুর প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০৯, ১৪ মে ২০২৬   আপডেট: ১৬:১১, ১৪ মে ২০২৬
গাজীপুরে অটোরিকশা চালককে হত্যা, ঘটনাস্থল থেকে ওড়না জুতা উদ্ধার

গাজীপুরের শ্রীপুর উপজেলায় মেহেদী হাসান আসিফ (২২) নামে এক অটোরিকশা চালককে গলা কেটে হত্যার ঘটনা ঘটেছে। হত্যার পর তার মরদেহ পাশের একটি জঙ্গলে ফেলে রেখে যায় দুর্বৃত্ত। ঘটনাস্থলের কাছ থেকে নারীর ওড়না, এক জোড়া জুতা এবং চুল বাঁধার ব্যান্ড উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৪ মে) সকালে উপজেলার ডোয়াইবাড়ি গ্রামের বগারভিটা এলাকার গজারি বনের পাশের একটি মাঠে স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন।

আরো পড়ুন:

নিহত মেহেদী হাসান আসিফ ডোয়াইবাড়ি গ্রামের মো. হুমায়ুন আহমেদ জাকিরের ছেলে। তিনি পেশায় অটোরিকশাচালক ছিলেন।

পরিবার সূত্রে জানা যায়, বুধবার বিকেলে প্রতিদিনের মতো অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন আসিফ। সাধারণত রাত ১১টার মধ্যে তিনি বাড়ি ফিরতেন। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে গেলেও তিনি ফিরে না আসায় পরিবারের সদস্যরা তার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেন। তবে ফোনটি বন্ধ পাওয়া যায়।

নিহতের মা আছমা বেগম বলেন, ‘‘সারারাত বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও ছেলের সন্ধান পাওয়া যায়নি। ফজরের আজানের পর বাড়ির কাছেই একটি নির্জন স্থানে তার অটোরিকশা পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়। পরে স্থানীয়দের সহায়তায় খোঁজ করতে গিয়ে বগারভিটা থেকে তার গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়।’’

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নাছির আহমদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ধারালো অস্ত্র দিয়ে তার গলা কেটে হত্যা করা হয়েছে। ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া নারীর ওড়না, জুতা ও চুলের ব্যান্ডের বিষয়টিও গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্ত করতে কাজ চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ঢাকা/রফিক//

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়