ঢাকা     শুক্রবার   ২৭ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৪ ১৪৩২ || ৭ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

জানেন কি অভিষেক সিনেমার প্রচার আমির কীভাবে করেছিলেন?

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৫২, ২৭ মার্চ ২০২৬  
জানেন কি অভিষেক সিনেমার প্রচার আমির কীভাবে করেছিলেন?

বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খান। অভিনয়ের শুরুটা করেছিলেন ঘর থেকে! ভাই মনসুর খান পরিচালিত ‘কেয়ামত সে কেয়ামত তাক’ সিনেমার মাধ্যমে তার অভিষেক হয়। 

১৯৮৮ সালে মুক্তি পায় ‘কেয়ামত সে কেয়ামত তাক’ সিনেমা। সে সময় বক্স অফিসে টানা ৫০ সপ্তাহ সিনেমাটি প্রদর্শিত হয়েছিল। এই সিনেমার ‘অ্যায় মেরে হামসাফর’ শিরোনামের গানটি দারুণ জনপ্রিয়তা পেয়েছিল। কিন্তু জানেন কি আমির খান সিনেমাটির প্রচার কীভাবে করেছিলেন?

আরো পড়ুন:

‘কেয়ামত সে কেয়ামত তাক’ সিনেমার সাফল্য উদযাপন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে আমির খান স্মৃতিচারণ করেছিলেন। কেবল তাই নয়, সেই সব মানুষদেরও আমন্ত্রণ জানান, যারা তার প্রথম সিনেমার সময় তাকে সাহায্য করেছিলেন। যাদের মধ্যে ছিলেন—অটো ও ট্যাক্সিচালকরাও। 

এ অনুষ্ঠানে আমির খান বলেছিলেন—“আমরা সবাই রাস্তায় ঘুরতাম পোস্টার লাগানোর জন্য। দেয়ালে, ট্যাক্সিতে, অটোতে পোস্টার লাগাতাম। অনেক অটোচালক বিনামূল্যেই পোস্টার লাগাতে দিতেন।”

‘কেয়ামত সে কেয়ামত তাক’ সিনেমার প্রচারের একটি ভিডিও এখনো অন্তর্জালে ঘুরে বেড়ায়। তাতে দেখা যায়, আমির খানের পরনে নীল রঙের টি-শার্ট ও শর্টস। রাস্তায় দাঁড়ানো অটো ও ট্যাক্সি থামিয়ে নিজের অভিনীত প্রথম সিনেমা নিয়ে কথা বলছেন। ‘কেয়ামত সে কেয়ামত তাক’ সিনেমার পোস্টার ও লিফলেট বিলি করছেন। কোনো কোনো চালককে লিফলেট-পোস্টার তাদের অটোতে লাগানোর কথা বলছেন। তার কথা শুনে কোনো কোনো চালক অটোতে পোস্টারও সাঁটাচ্ছেন। চালকদের সঙ্গে সিনেমাটি নিয়ে কথা বলতেও দেখা যায় আমিরকে। 

‘কেয়ামত সে কেয়ামত তাক’ সিনেমার মূল কাহিনি দুই তরুণ-তরুণীর আবেগঘন প্রেম নিয়ে; যারা সামাজিক বাধা অতিক্রম করে একসঙ্গে পালিয়ে যায়। শেষ পর্যন্ত নিষিদ্ধ প্রেমের পরিণতি ভোগ করে। সিনেমাটি তুলনামূলক কম বাজেটে নির্মিত হয়েছিল। ধারণা করা হয়, মুক্তির পর ‘কেয়ামত সে কেয়ামত তাক’ সিনেমা প্রায় ৬.৫ কোটি রুপি আয় করেছিল। ১৯৮৮ সালের তৃতীয় সর্বোচ্চ আয়কারী সিনেমায় পরিণত হয় এটি। আর আমির খানকে ভারতীয় চলচ্চিত্রে সম্ভাবনাময় এক নতুন মুখ হিসেবে প্রতিষ্ঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

‘কেয়ামত সে কেয়ামত তাক’ সিনেমার চিত্রনাট্য রচনা করেন নাসির হোসেন। মজার ব্যাপার হলো, আমির খান সহকারী হিসেবে চিত্রনাট্য রচনায়ও কাজ করেন। সিনেমাটিতে আমিরের বিপরীতে অভিনয় করেন জুহি চাওলা।

*ইন্ডিয়া টিভি অবলম্বনে

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়