ময়মনসিংহে ‘জুয়া খেলাকে’ কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৫
ময়মনসিংহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ব্রহ্মপুত্র নদের পাড়ে বৃহস্পতিবার সংঘর্ষে জড়ায় দুই পক্ষ।
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ‘জুয়া খেলাকে’ কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত পাঁচজন আহত হয়েছেন। তাদের মধ্যে গুরুতর একজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) উপজেলার রাজিবপুর ইউনিয়নের লাঠিয়ামারি বাজার সংলগ্ন ব্রহ্মপুত্র নদের পাড়ে ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্র জানায়, অষ্টমীর স্নানকে ঘিরে প্রতি বছর উপজেলার রাজিবপুর ইউনিয়নের লাঠিয়ামারি বাজার সংলগ্ন ব্রহ্মপুত্র নদের পাড়ে অষ্টমীর মেলা বসে। এবারো মেলা বসে। মেলা থেকে কিছুটা দূরে ব্রহ্মপুত্র নদের তীরে জুয়া খেলার বোর্ড বসানো হয়। এ নিয়ে রাজিবপুর ইউনিয়নের উজানচর নওপাড়া ও লাঠিয়ামারি এলাকার কয়েকজন যুবকের মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয়।
একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এতে অন্তত পাঁচজন আহত হন। তাদের মধ্যে মো. জুয়েল মিয়া (২৩) নামে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহে পাঠানো হয়েছে বলে জানা গেছে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল আলী ফকির বলেন, “জুয়া খেলাকে কেন্দ্র করে মারামারির ঘটনা ঘটেছে। জুয়েল নামে এক যুবক আহত হয়েছেন এবং তাকে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। মেলায় জুয়ার বোর্ড বসানো সম্পূর্ণ নিষিদ্ধ। এ বছরও জুয়ার আসর বসানোর চেষ্টা হলে থানা-পুলিশের সহযোগিতায় তা বন্ধ করা হয়েছে।”
ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল আজম বলেন, “পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছে। ঘটনাটি জুয়া খেলাকে কেন্দ্র করে নয়। অষ্টমী স্নানে দোকান বসানোকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে। এ বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
ঢাকা/মিলন/মাসুদ