নোরা ফাতেহির প্রেমিকেরা
বড় বাজেট নিয়ে নির্মিত হয়েছে কন্নড় ভাষার সিনেমা ‘কেডি: দ্য ডেভিল’। এ সিনেমার ‘সরকে চুনর তেরি সরকে’ শিরোনামের গানটি মুক্তির পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্ক তৈরি হয়েছে। এ গানে পারফর্ম করেছেন অভিনেতা সঞ্জয় দত্ত ও নোরা ফতেহি।
মুক্তির পর অনেক দর্শক গানটির ভাষা ও উপস্থাপনাকে ‘অশ্লীল’, ‘অশালীন’ ও ‘যৌন ইঙ্গিতপূর্ণ’ বলে মন্তব্য করেছেন। এ গানের নাচকে ‘অশালীন’ বলে কেউ কেউ নিষিদ্ধের দাবি তোলেন। বিতর্কের মুখে গানটি সরিয়ে নেওয়া হয়। গানকে কেন্দ্র করে তুমুল আলোচনায় উঠে এসেছেন নোরা ফাতেহি। চলুন এ আলোচনার ফাঁকে নোরার প্রেম জীবনে উঁকি দিয়ে আসি—
মডেল-অভিনেত্রী এবং বিতর্ক যেন একে অপরের পরিপূরক। একসময় ২০০ কোটি রুপির আর্থিক প্রতারণার মামলায় নাম জড়িয়েছিল নোরার। এর কারণ সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে তার প্রেম। মূল্যবান নানা উপহার নেওয়ারও অভিযোগ করেন সুকেশ। দুজনকে একাধিকবার একসঙ্গে দেখাও গিয়েছে। যদিও অভিনেত্রীর দাবি, সুকেশের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করেছেন তিনি।
নোরার সঙ্গে কোরিওগ্রাফার টেরেন্স লুইসের প্রেমের সম্পর্ক নিয়ে বিতর্ক দানা বেঁধেছিল। বি-টাউনে কান পাতলেই শোনা যেত, একসঙ্গে কাজ করতে গিয়ে মনের লেনাদেনা হয় তাদের। যদিও সেই গুঞ্জনে কোনো দিনই সিলমোহর দেননি নোরা-টেরেন্স। দুজনের ঘনিষ্ঠ একটি ছবিও প্রকাশ্যে চলে আসে। পরে অভিনেত্রী দাবি করেন, ছবিটি বিকৃত করা হয়েছে, এর কোনো সত্যতা নেই।
শুধু টেরেন্স লুইস নন, অঙ্গদ বেদিরও হৃদয়চুরি করেছিলেন নোরা। শোনা যায়, একসঙ্গে কাজ করতে গিয়ে তাদের ভালো লাগা তৈরি হয়। খুব কম সময়ের মধ্যে সম্পর্ক বেশ মাখোমাখো হয়ে যায়। যদিও অঙ্গদ বেদিই নোরার মন ভাঙেন। সম্পর্ক পরিণতি পাওয়ার আগেই সব ছারখার হয়ে যায়। বি-টাউনে অঙ্গদ ও নোরার সম্পর্ক নিয়ে কানাঘুষা হলেও এ সম্পর্কের কথা কেউ স্বীকার করেননি।
বিতর্কিত টিভি শো বিগ বস। এ শোয়ের নবম সিজনের প্রতিযোগী ছিলেন নোরা। সেই সময়ও প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন এই মডেল-অভিনেত্রী। শোনা যায়, প্রিন্স নারুলার সঙ্গে সম্পর্কে জড়ানোর খবর পাওয়া যায়। এই প্রেমের কথা কোনোদিন স্বীকার করেননি। বরং তা অস্বীকার করেছেন নোরা।
টি-সিরিজের চেয়ারম্যান ভূষণ কুমারের সঙ্গে নোরা ফাতেহির নাম জড়িয়েছিল। সবারই জানা, নোরা টি-সিরিজের সঙ্গে চুক্তিবদ্ধ। ২০১৯ সাল থেকে এই চুক্তির আওতায় রয়েছেন তিনি। আর সেই সুবাদেই প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ভূষণ কুমারের সঙ্গে তার যোগাযোগ। ২০২২ সালে ভূষণ কুমারের সঙ্গে নোরার পরকীয়া প্রেমের গুঞ্জন শোনা যায়। এ নিয়েও জলঘোলা কম হয়নি।
শুধু অভিনেতা নয়, মরক্কোর ফুটবল তারকা আশরাফ হাকিমির সঙ্গেও সম্পর্কে জড়ানোর খবরে আলোচনায় উঠে আসেন নোরা। মরক্কো বেড়াতে গিয়ে আফ্রিকান কাপ অব নেশন দেখতে গিয়েছিলেন এই অভিনেত্রী। তারপর থেকে খেলোয়াড়ের প্রেমে হাবুডুবু খান নোরা। এ সম্পর্ক নিয়ে একটি শব্দও ব্যয় করেননি তিনি। বরং এড়িয়ে গিয়েছেন। সাম্প্রতিক সময়ে বিষয়টি চর্চায় পরিণত হয়েছে।
ঢাকা/শান্ত