নেইমারকে রেখে ব্রাজিলের বিশ্বকাপ দল ঘোষণা
বিশ্ব ফুটবলের সবচেয়ে সফল দল আবারও স্বপ্ন দেখছে বিশ্বকাপ জয়ের। দীর্ঘ ২৪ বছরের অপেক্ষা ভেঙে ষষ্ঠ শিরোপা ঘরে তুলতে ২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে প্রস্তুতি শুরু করেছে ব্রাজিল। আর সেই মিশনের নেতৃত্বে আছেন কিংবদন্তি ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তি।
এবারই প্রথম বিশ্বকাপে ব্রাজিলের কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন আনচেলত্তি। ২০০২ সালে কোরিয়া-জাপান বিশ্বকাপের পর আর ট্রফি জিততে পারেনি সেলেসাওরা। তাই বিশ্ব ফুটবলের শীর্ষে আবারও ফিরতে মরিয়া পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
বিশ্বকাপ সামনে রেখে সোমবার দিবাগত রাতে প্রাথমিক দল ঘোষণা করেছে ব্রাজিল। সেখানে জায়গা পেয়েছেন ভিনিসিয়ুস জুনিয়র, রাফিনিয়া, ব্রুনো গিমারাইস ও কাসেমিরোর মতো তারকারা। সবচেয়ে বেশি আলোচনায় অবশ্য নেইমারের অন্তর্ভুক্তি।
দীর্ঘদিন ধরে চোটের সঙ্গে লড়াই করছেন ব্রাজিলের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা। পুরোপুরি ফিটনেস ফিরে পাওয়া নিয়ে এখনও রয়েছে অনিশ্চয়তা। তবুও আনচেলত্তি তাকে প্রাথমিক পরিকল্পনায় রেখেছেন। কারণ ব্রাজিল ফুটবলের আধুনিক ইতিহাসে নেইমার এখনও অন্যতম গুরুত্বপূর্ণ নাম।
গোলরক্ষক হিসেবে দলে আছেন আলিসন, এদেরসন ও ওয়েভারতোন।
রক্ষণভাগে জায়গা পেয়েছেন মারকিনিওস, ব্রেমার, গ্যাব্রিয়েল মাগালহায়েস, দানিলো ও আলেক্স সান্দ্রোর মতো অভিজ্ঞ ফুটবলাররা।
মাঝমাঠে ব্রুনো গিমারাইস ও কাসেমিরোর পাশাপাশি আছেন ফাবিনিও, লুকাস পাকেতা ও বোটাফোগোর দানিলো।
আক্রমণভাগে নেইমার, ভিনিসিয়ুস ও রাফিনিয়ার সঙ্গে সুযোগ পেয়েছেন গ্যাব্রিয়েল মার্তিনেল্লি, এন্দ্রিক, মাতেউস কুনিয়া, ইগর থিয়াগো ও তরুণ প্রতিভা রায়ান।
তবে পুরো দলের মধ্যেও সবচেয়ে বড় ভরসা হিসেবে দেখা হচ্ছে ভিনিসিয়ুস জুনিয়রকে। রিয়াল মাদ্রিদের এই তারকাই এখন ব্রাজিল আক্রমণের মূল মুখ। সাম্প্রতিক বছরগুলোতে বিশ্বের অন্যতম ভয়ংকর ফরোয়ার্ড হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তিনি।
বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে সফল দল হলেও ২০০২ সালের পর আর ট্রফি ছুঁতে পারেনি ব্রাজিল। তাই এবার নতুন প্রজন্মের তারকা আর অভিজ্ঞ কোচ আনচেলত্তির হাত ধরে আবারও বিশ্বজয়ের স্বপ্ন দেখছে সেলেসাওরা। তাদের বিশ্বাস, প্রতিভা, অভিজ্ঞতা ও গভীর স্কোয়াড- সব মিলিয়ে আবারও ফুটবল বিশ্বের সর্বোচ্চ মঞ্চে আধিপত্য ফেরানোর মতো সামর্থ্য রয়েছে এই দলের।
ব্রাজিলের স্কোয়াড:
গোলরক্ষক: আলিসন, এদেরসন, ওয়েভারতোন।
ডিফেন্ডার: আলেক্স সান্দ্রো, দানিলো, লেও পেরেইরা, ব্রেমার, ইবানিয়েস, ওয়েসলি, মারকিনিওস, গ্যাব্রিয়েল মাগালহায়েস, ডগলাস সান্তোস।
মিডফিল্ডার: ব্রুনো গিমারাইস, কাসেমিরো, দানিলো সান্তোস, ফাবিনিও, লুকাস পাকেতা।
ফরোয়ার্ড: এন্দ্রিক, গ্যাব্রিয়েল মার্তিনেল্লি, ইগর থিয়াগো, মাতেউস কুনিয়া, রাফিনিয়া, ভিনিসিয়ুস জুনিয়র, লুইজ হেনরিকে, নেইমার, রায়ান।
ঢাকা/আমিনুল