ঢাকা     মঙ্গলবার   ১৯ মে ২০২৬ ||  জ্যৈষ্ঠ ৫ ১৪৩৩ || ২ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ভূমিসেবায় ডিজিটাল রূপান্তরের বার্তা নিয়ে শুরু হচ্ছে মেলা

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৪৩, ১৯ মে ২০২৬   আপডেট: ০৮:৫৪, ১৯ মে ২০২৬
ভূমিসেবায় ডিজিটাল রূপান্তরের বার্তা নিয়ে শুরু হচ্ছে মেলা

জনবান্ধব ও প্রযুক্তিনির্ভর ভূমি ব্যবস্থাপনা গড়ে তোলার লক্ষ্যে দেশজুড়ে শুরু হচ্ছে তিন দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’। ভূমিসেবায় ডিজিটাল রূপান্তরের বার্তা নিয়ে আয়োজিত এ মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (১৯ মে) সকাল সাড়ে ১০টায় ঢাকার তেজগাঁওয়ে ভূমি ভবনসহ সারা দেশে একযোগে শুরু হবে এই আয়োজন।

আরো পড়ুন:

জেলা, উপজেলা, বিভাগীয় পর্যায়ের পাশাপাশি জাতীয় পর্যায়ে ঢাকার তেজগাঁওয়ে ভূমি ভবনে একযোগে এই মেলা অনুষ্ঠিত হবে। এ বছরের মেলার প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ’।

ভূমি মন্ত্রণালয় আশা করছে, ‘ভূমিসেবা মেলা ২০২৬’ দেশের অটোমেটেড ভূমি ব্যবস্থাপনাকে আরো গতিশীল করবে এবং আধুনিক, প্রযুক্তিনির্ভর ও হয়রানিমুক্ত ভূমিসেবা সম্পর্কে মানুষের আস্থা বাড়াবে।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সরকার ভূমি ব্যবস্থাপনাকে ধাপে ধাপে আধুনিক ও প্রযুক্তিনির্ভর করতে নানা উদ্যোগ বাস্তবায়ন করছে। এরই অংশ হিসেবে ই-নামজারি, অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধ, অনলাইনে খতিয়ান ও মৌজা ম্যাপ সংগ্রহ, ডাকযোগে ভূমিসেবা এবং ডিসিআর ফি অনলাইনে পরিশোধের মতো সেবা চালু করা হয়েছে। ফলে নাগরিকরা ঘরে বসেই নির্ধারিত ফি পরিশোধ করে প্রয়োজনীয় ভূমিসেবা গ্রহণ করতে পারছেন।

মন্ত্রণালয় সূত্র মতে, ভূমিসেবা মেলার মাধ্যমে নাগরিকরা হয়রানিমুক্তভাবে সেবা গ্রহণের পাশাপাশি অটোমেটেড ভূমিসেবা সম্পর্কে সম্যক ধারণা পাবেন। এতে জনগণ ডিজিটাল সেবা গ্রহণে আরো উৎসাহিত হবেন এবং ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি বাড়বে।

সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, জাতীয় পর্যায়ে ভূমি ভবনে ভূমি মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থার পক্ষ থেকে পাঁচটি স্টল থাকবে। এছাড়া, ঢাকা জেলা প্রশাসকের কার্যালয় ও মহানগরের সার্কেল অফিসগুলোর পক্ষ থেকে থাকবে ১৫টি স্টল। প্রতিটি বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে স্থাপন করা হবে ২০টি করে ভূমিসেবা স্টল।

মেলায় ভূমি ব্যবস্থাপনা-সংক্রান্ত স্টলের পাশাপাশি ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মাঠপর্যায়ের অফিস, ভূমিসেবা সহায়তা কেন্দ্র (এলএসএফসি), বিভিন্ন ব্যাংক ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের স্টলও থাকবে।

এসব স্টলে নাগরিকদের জন্য www.land.gov.bd  পোর্টালে নিবন্ধন সহায়তা, অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধ, ই-নামজারির আবেদন গ্রহণ, অনলাইনে খতিয়ানের সত্যায়িত কপি সরবরাহ, মৌজা ম্যাপ প্রদান, ভূমি অধিগ্রহণ ক্ষতিপূরণের চেক বিতরণ, অভিযোগ গ্রহণ ও গণশুনানিসহ বিভিন্ন সেবা দেওয়া হবে।

এছাড়া, মেলায় ভূমিসেবা বিষয়ক অডিও-ভিডিও কনটেন্ট প্রদর্শন, কুইজ প্রতিযোগিতা, জনসচেতনতামূলক সেমিনার, ভূমি আড্ডা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং শিক্ষার্থীদের অংশগ্রহণমূলক নানা কার্যক্রমের আয়োজন রাখা হয়েছে। সাধারণ মানুষের মধ্যে ‘ভূমি আমার ঠিকানা’ শীর্ষক বুকলেট, লিফলেট ও স্টিকারও বিতরণ করা হবে।

মেলা উপলক্ষে জনপ্রতিনিধি, স্থানীয় প্রশাসন, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান, গণমাধ্যম এবং সুশীল সমাজের প্রতিনিধিদের সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি টেলিভিশন, বেতার, মেট্রোরেল, সামাজিক যোগাযোগমাধ্যম, স্থানীয় কেবল নেটওয়ার্ক, মাইকিং ও ব্যানার-ফেস্টুনের মাধ্যমেও প্রচার চালানো হচ্ছে। এছাড়া, ভ্রাম্যমাণ ভূমিসেবা ভ্যানের মাধ্যমে জনগণকে সেবা ও তথ্য দেওয়া হবে।

ঢাকা/ইভা 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়