সঞ্জয়-নোরার ‘অশ্লীল’ নাচ-গান নিয়ে কী ফতোয়া দিলেন মুফতি?
‘সরকে চুনর তেরি সরকে’ গানের দৃশ্যে নোরা ফাতেহি ও সঞ্জয় দত্ত
সঞ্জয় দত্ত ও নোরা ফাতেহি অভিনীত ‘সরকে চুনর তেরি সরকে’ গানের ভাষা ও উপস্থাপনাকে ‘অশ্লীল’, ‘অশালীন’ ও ‘যৌন ইঙ্গিতপূর্ণ’ বলে মন্তব্য করেছেন নেটিজেনরা। এ নিয়ে আইনি নোটিশও পাঠানো হয়েছে নোরা ফাতেহির বিরুদ্ধে। এবার গানটি নিয়ে ফতোয়া জারি করলেন ভারতের উত্তরপ্রদেশের প্রধান মুফতি মাওলানা ইব্রাহিম হোসেন।
ইন্ডিয়া টুডেকে পাঠানো বিবৃতিতে মাওলানা ইব্রাহিম হোসেন বলেন, “গানটিতে ‘অশ্লীল’ ও ‘আপত্তিকর’ দৃশ্য ব্যবহারের অভিযোগ উঠেছে। এ গানে অংশগ্রহণ করেছেন সঞ্জয় দত্ত ও নোরা ফাতেহি। ইসলামের দৃষ্টিতে এসব দৃশ্য ‘আপত্তিকর’। এই ধরনের কনটেন্ট ‘হারাম’ এবং ‘কবিরা গুনাহ’। এ ধরনের কাজে অংশ নেওয়া বা তা প্রচার করা ধর্মীয় নীতিবিরোধী।”
বড় বাজেটে নির্মিত হয়েছে কন্নড় ভাষার সিনেমা ‘কেডি: দ্য ডেভিল’। এ সিনেমার ‘সরকে চুনর তেরি সরকে’ শিরোনামের গানটি মুক্তির পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্ক তৈরি হয়েছে।
সঞ্জয় দত্ত ও নোরা ফতেহি অভিনীত এ গান মুক্তির পর অনেক দর্শক গানটির ভাষা ও উপস্থাপনাকে ‘অশ্লীল’, ‘অশালীন’ ও ‘যৌন ইঙ্গিতপূর্ণ’ বলে মন্তব্য করেছেন। এ গানের নাচকে ‘অশালীন’ বলে কেউ কেউ নিষিদ্ধের দাবি তোলেন। বিতর্কের মুখে গানটি সরিয়ে নেওয়া হয়।
গত ১৮ মার্চ বিকালে নোরা ফাতেহি তার ইনস্টাগ্রামে একটি ভিডিও বার্তা দিয়েছেন। এতে নোরা ফাতেহি বলেন, “আমি গানটির বিতর্ক নিয়ে কথা বলতে এখানে এসেছি। প্রথমত, আমি আমার খুব কাছের এক বন্ধুকে হারানোর শোকে আছি। চারপাশে কী হচ্ছে আমি তা দেখার সুযোগ পাইনি। নেটওয়ার্ক জটিলতার কারণে সম্প্রতি বিষয়টি সম্পর্কে জানতে পেরেছি।”
বিতর্কিত গানে পারফর্ম করার কারণ ব্যাখ্যা করে নোরা ফাতেহি বলেন, “তিন বছর আগে কন্নড় ভাষার এই গানের শুটিং করেছি। আমি যখন এতে সম্মতি দিয়েছিলাম, তখন এটি বড় একটি চলচ্চিত্রের অংশ ছিল। বড় আইকন সঞ্জয় দত্তের সঙ্গে কাজ করার সুযোগ কে না নেবে? আমি ভেবেছিলাম এটি একটি বিখ্যাত গানের রিমেক।”
সমালোচকদের ধন্যবাদ জানিয়ে নোরা ফাতেহি বলেন, “আমি চাই না, কেউ মনে করুক, আমি এটাকে সমর্থন করি। আপনাদের প্রতিক্রিয়ার জন্য ধন্যবাদ। এই চাপের কারণেই নির্মাতারা এটি সরিয়ে নিয়েছেন। আমি সবার কাছে অনুরোধ করব গানটি আর শেয়ার না করতে। কারণ এতে করে প্রচার আরও বৃদ্ধি পাবে।”
গানটির কন্নড় ভার্সনে নোরা পারফর্ম করলেও হিন্দি ভার্সনে করেননি। তার ভাষায়—“এই হিন্দি গান সম্পর্কে আমার কোনো ধারণা নাই। আমি এতে পারফর্ম করিনি। এতে আমার ছবি ব্যবহার করার জন্য কোনো অনুমতিও নেওয়া হয়নি।” তবে মুফতির ফতোয়া জারির পর বিষয়টি নিয়ে কোনো প্রতিক্রিয়া জানাননি নোরা ফাতেহি।
‘কেডি: দ্য ডেভিল’ শিরোনামের কন্নড় ভাষার এই সিনেমা পরিচালনা করছেন প্রেম। ২০২৬ সালের ১০ জুলাই এটি মুক্তির কথা রয়েছে। বড় বাজেটের এই অ্যাকশন ঘরানার এই সিনেমায় সঞ্জয় দত্তের পাশাপাশি প্রধান ভূমিকায় অভিনয় করেছেন কন্নড় অভিনেতা ধ্রুব সারজা। তাছাড়াও অভিনয় করেছেন—শিল্পা শেঠি, রমেশ অরবিন্দ, যীশু সেনগুপ্ত প্রমুখ।
ঢাকা/শান্ত