ঢাকা     বৃহস্পতিবার   ০৭ মে ২০২৬ ||  বৈশাখ ২৪ ১৪৩৩ || ১৯ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

২০২৭-২৮ ফুলব্রাইট প্রোগ্রামে আবেদন নিচ্ছে মার্কিন দূতাবাস

ডেস্ক রিপোর্ট || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১৮, ৭ মে ২০২৬   আপডেট: ১৪:২৪, ৭ মে ২০২৬
২০২৭-২৮ ফুলব্রাইট প্রোগ্রামে আবেদন নিচ্ছে মার্কিন দূতাবাস

মার্কিন দূতাবাস ঢাকা ২০২৭-২০২৮ শিক্ষাবর্ষের জন্য ফুলব্রাইট ফরেন স্টুডেন্ট প্রোগ্রামে (FFSP) আবেদন আহ্বান করেছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের অর্থায়নে এবং ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল এডুকেশনের (IIE) তত্ত্বাবধানে পরিচালিত এ কর্মসূচির মাধ্যমে মেধাবী পেশাজীবীরা যুক্তরাষ্ট্রে মাস্টার্স ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন।

বিশেষভাবে অগ্রাধিকার দেওয়া হবে বাংলাদেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত জুনিয়র শিক্ষক, গবেষণা প্রতিষ্ঠান, থিংক ট্যাংক ও সরকারি-বেসরকারি বিভিন্ন এনজিওতে কর্মরত জুনিয়র ও মিড-লেভেলের পেশাজীবীদের। নির্বাচিত প্রার্থীরা ২০২৭ সালের সেপ্টেম্বর থেকে এক থেকে দুই বছরের জন্য স্কলারশিপ পাবেন। যারা এই অভিজ্ঞতাকে যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্ক উন্নয়নে কাজে লাগাতে আগ্রহী, তাদের অগ্রাধিকার দেওয়া হবে।

আরো পড়ুন:

নিম্নোক্ত বিষয়ে আবেদন করা যাবে

•    আমেরিকান স্টাডিজ: আমেরিকার ইতিহাস, সাহিত্য ও রাজনীতি।
•    সিকিউরিটি স্টাডিজ: প্রতিরক্ষা নীতি, সামরিক কৌশল।
•    এনার্জি স্টাডিজ: জ্বালানি ও প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা, প্রাকৃতিক সম্পদ বিজ্ঞান, জ্বালানি নীতি।
•    বিজ্ঞান: কৃষি বিজ্ঞান ও প্রযুক্তি, রসায়ন, ভূতত্ত্ব, ভূ-রসায়ন, পদার্থবিজ্ঞান, ফার্মেসি, গণিত ও পরিসংখ্যান।
•    প্রযুক্তি: কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), কম্পিউটার ও ডেটা সায়েন্স, সাইবার নিরাপত্তা, এনার্জি সিস্টেম, ইনফরমেশন সিস্টেম, ম্যাটেরিয়ালস সায়েন্স ও প্রযুক্তি নীতি।
•    প্রকৌশল: স্থাপত্য, বায়োলজিক্যাল ও কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, মাইনিং, পেট্রোলিয়াম ও রোবোটিক্স ইঞ্জিনিয়ারিংসহ বিভিন্ন শাখা।
•    ব্যবসা শিক্ষা: আন্তর্জাতিক ব্যবসা, সাপ্লাই চেইন ও অপারেশনস, লজিস্টিকস ম্যানেজমেন্ট ও ফাইন্যান্স।
•    সমাজবিজ্ঞান: আন্তর্জাতিক সম্পর্ক, জনপ্রশাসন, পাবলিক পলিসি ও মার্কিন পররাষ্ট্রনীতি।
•    অর্থনীতি: আন্তর্জাতিক অর্থনীতি, বাণিজ্য ও অর্থায়ন, অর্থনৈতিক নীতি ও প্রাকৃতিক সম্পদ অর্থনীতি।
•    টিচিং ইংলিশ অ্যাজ অ্যা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ (TESOL)।

আবেদনের যোগ্যতা

বাংলাদেশে স্বীকৃত সরকারি বা বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম চার বছরের স্নাতক ডিগ্রি ও ভালো একাডেমিক ফল থাকতে হবে। যুক্তরাষ্ট্রের কোনো বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি থাকা যাবে না এবং বর্তমানে যুক্তরাষ্ট্রে কোনো ডিগ্রি প্রোগ্রামে অধ্যয়নরত হওয়া যাবে না। বিদেশি কোনো বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি থাকলে আবেদন করা যাবে না। তবে বাংলাদেশের মাস্টার্স ডিগ্রিধারীরা আবেদন করতে পারবেন। বর্তমানে ২১২-ই শর্তের আওতায় থাকা যাবে না। প্রস্তাবিত বিষয়ে কমপক্ষে দুই বছরের পূর্ণকালীন পেশাগত অভিজ্ঞতা থাকতে হবে। ইংরেজিতে দক্ষ হতে হবে। ন্যূনতম টোফেল স্কোর ৯০ বা আইইএলটিএস স্কোর ৭ থাকতে হবে। আবেদনকারীকে বাংলাদেশি নাগরিক হতে হবে এবং আবেদনের সময় বাংলাদেশে অবস্থান করতে হবে। নির্ধারিত নিয়ম অনুযায়ী সম্পূর্ণ অনলাইন আবেদন জমা দিতে হবে।

আবেদনপত্রের সঙ্গে যা জমা দিতে হবে

•    পূরণ করা অনলাইন আবেদনপত্র।
•    স্নাতক ও মাস্টার্স পর্যায়ের একাডেমিক ট্রান্সক্রিপ্ট ও সনদপত্র।
•    তিনটি সুপারিশপত্র, যা রেফারিরা অনলাইন পোর্টালে আপলোড করবেন।
•    একাডেমিক রেকর্ডস ইনফরমেশন ফর্ম।
•    বৈধ টোফেল বা আইইএলটিএস স্কোর।
•    জিআরই বা জিম্যাট স্কোর (থাকলে)।

আবেদনের শেষ সময়

আবেদন জমা দেওয়ার শেষ সময় ১১ জুলাই ২০২৬, শনিবার রাত ১১টা ৫৯ মিনিট (বাংলাদেশ সময়)। অনলাইনে আবেদন করতে ভিজিট করুন: apply.iie.org/ffsp2027

বিস্তারিত নির্দেশনা জানতে ভিজিট করুন: Fulbright Foreign Student Program Application Instructions

আরো তথ্যের জন্য ইমেইল করুন: [email protected]

ঢাকা/জান্নাত

সর্বশেষ

পাঠকপ্রিয়