নরসিংদীতে হানি ট্র্যাপ চক্রের ৪ সদস্য গ্রেপ্তার
নরসিংদী প্রতিনিধি || রাইজিংবিডি.কম
গ্রেপ্তারকৃতরা (মাঝে)।
নরসিংদীতে নারীদের ব্যবহার করে প্রেমের ফাঁদে ফেলে অপহরণ, নির্যাতন ও ব্ল্যাকমেইলের অভিযোগে একটি সংঘবদ্ধ হানি ট্র্যাপ চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বুধবার (৬ মে) ভোরে শহরের সাহেপ্রতাপ ও রেলস্টেশন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- পলাশ উপজেলার জিনারদী এলাকার অহিদ মিয়ার মেয়ে শারমিন আক্তার ওরফে বৃষ্টি (২৪), নরসিংদী সদরের হাজীপুর এলাকার হিরণ মিয়ার মেয়ে স্মৃতি আক্তার (২০), উত্তর বাগহাটা গ্রামের আরমান মিয়ার ছেলে মো. কাইয়ুম (২৫) এবং খাটেহারা গ্রামের জসিম মিয়ার ছেলে ফয়সাল মিয়া (৩৪)।
পুলিশ জানায়, নরসিংদী পুলিশ সুপার মো. আবদুল্লাহ-আল-ফারুকের নির্দেশনায় ডিবি পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা স্বীকার করেছে, দীর্ঘদিন ধরে তারা নারীদের মাধ্যমে বিভিন্ন ব্যক্তিকে প্রেমের ফাঁদে ফেলত। পরে দেখা করার প্রলোভন দেখিয়ে নির্জন স্থানে ডেকে নিয়ে ভুক্তভোগীদের অপহরণ ও শারীরিক নির্যাতন করা হতো। তাদের ভয় দেখিয়ে মোটা অঙের অর্থ আদায় করত চক্রটি। কেউ টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে হত্যার হুমকিও দেওয়া হতো। অভিযানকালে গ্রেপ্তার ফয়সাল মিয়ার কাছ থেকে এক ভুক্তভোগীর ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার স্মৃতি আক্তারের বিরুদ্ধে অপহরণ ও চুরিসহ একাধিক মামলা রয়েছে। ফয়সাল মিয়ার বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, নারী ও শিশু নির্যাতন দমন আইন, মাদক ও চুরিসহ নরসিংদী এবং চট্টগ্রামের বিভিন্ন থানায় অন্তত সাতটি মামলা রয়েছে।
নরসিংদী গোয়েন্দা পুলিশের পরিদর্শক এরশাদ উল্লাহ জানান, সম্প্রতি শহরের নাগরিয়াকান্দা এলাকায় এক যুবক হানি ট্র্যাপ চক্রের শিকার হন। ঘটনাটি পুলিশের নজরে এলে তদন্তের ভিত্তিতে অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়। চক্রের অন্যান্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
তিনি জানান, এ ঘটনায় নরসিংদী মডেল থানায় মামলা হয়েছে। গ্রেপ্তারদের সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।
ঢাকা/হৃদয়/মাসুদ