ঢাকা     বৃহস্পতিবার   ০৭ মে ২০২৬ ||  বৈশাখ ২৪ ১৪৩৩ || ১৯ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

অশালীন-বীভৎসতার অভিযোগ, শাকিবের সিনেমার সেন্সর সনদ স্থগিত

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২৮, ৭ মে ২০২৬   আপডেট: ১৩:৩৩, ৭ মে ২০২৬
অশালীন-বীভৎসতার অভিযোগ, শাকিবের সিনেমার সেন্সর সনদ স্থগিত

ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান অভিনীত আলোচিত সিনেমা ‘প্রিন্স’ মুক্তির পর বিভিন্ন মহলে সমালোচনার মুখে পড়েছিল। বিশেষ করে সিনেমাটির কিছু বীভৎস ও অশালীন দৃশ্য নিয়ে শুরু থেকেই আপত্তি ওঠে। যদিও তখন কোনো প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হয়নি। তবে মুক্তির প্রায় এক মাস পর সিনেমাটির সেন্সর সনদ সাময়িকভাবে স্থগিত করেছে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড।

পিআইডির বরাতে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সেন্সর বোর্ডের অনুমোদন ছাড়াই সিনেমাটিতে নতুন কিছু গান ও দৃশ্য সংযোজন করে প্রেক্ষাগৃহে প্রদর্শন করা হয়েছে। পাশাপাশি অনুমোদিত কপিতে ধূমপান ও মাদক সেবনসংক্রান্ত সতর্কবার্তা পরিবর্তন বা টেম্পার করার অভিযোগও উঠেছে। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে সিনেমাটির সার্টিফিকেশন সনদ (এলএল নং-১০/২০২৬, তারিখ: ১৬ মার্চ ২০২৬) সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। 

আরো পড়ুন:

‘তোমাকে ছাড়া’ শিরোনামের একটি গান এবং ভারতের মরুভূমিকে কেন্দ্র করে নির্মিত কয়েকটি নির্মম হত্যাযজ্ঞের দৃশ্য সিনেমাটিতে যুক্ত করা হয়, যা সেন্সর বোর্ডের অনুমোদিত সংস্করণে ছিল না। এছাড়া পূর্বে বাদ দিতে নির্দেশ দেওয়া কিছু দৃশ্যও পুনরায় সংযোজনের অভিযোগ রয়েছে। এর মধ্যে চাপাতি দিয়ে হাত কেটে ফেলা, গলার রগ কেটে দেওয়ার মতো সহিংস দৃশ্য, নারীদের অশালীন ও অরুচিকরভাবে উপস্থাপনাও উল্লেখযোগ্য বলে এ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। 

এ বিষয়ে সিনেমাটির পরিচালক আবু হায়াৎ মাহমুদ জানান, এখনো আনুষ্ঠানিকভাবে কোনো স্থগিতাদেশের কপি হাতে পাননি তিনি। তবে প্রায় দুই সপ্তাহ আগে সেন্সর বোর্ড থেকে একটি নোটিশ পেয়েছিলেন এবং নির্ধারিত সময়ের মধ্যেই তার জবাব দেওয়া হয়েছে। 

সেন্সরবিহীন দৃশ্য প্রদর্শনের অভিযোগ প্রসঙ্গে আবু হায়াৎ মাহমুদ বলেন, “ভুলবশত সিনেমা হলে সিনেমাটির ইন্ডিয়ান বা ওটিটি ভার্সন প্রদর্শিত হয়েছিল। যখন সেন্সর বোর্ড থেকে নোটিশ আসে, তখন সিনেমাটি আর হলে চলছিল না। আমরা বোর্ডকে জানিয়েছি, ভবিষ্যতে শুধু অনুমোদিত সংস্করণই প্রদর্শন করা হবে।” 

সিনেমাটির সেন্সর সনদ সাময়িকভাবে স্থগিত করার বিষয়ে নির্মাতা জানান, আনুষ্ঠানিকভাবে হাতে নোটিশ পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। 

পরিচালক আবু হায়াত মাহমুদ, প্রযোজক শিরিন সুলতানার এই অ্যাকশনধর্মী চলচ্চিত্রটি গত ২১ মার্চ ঈদুল ফিতর উপলক্ষে দেশজুড়ে মুক্তি পায়। শাকিব খান ছাড়াও সিনেমাটিতে অভিনয় করেছেন—তাসনিয়া ফারিণ, কলকাতার জ্যোতির্ময়ী কুণ্ডু প্রমুখ।

ঢাকা/রাহাত/শান্ত

সর্বশেষ

পাঠকপ্রিয়