নাটোরে রেললাইনে বস্তু গুঁজে চলছে ট্রেন
নাটোর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ভাঙন শনাক্ত হওয়ায় বুধবার রাতে রেললাইন মেরামতের কাজ শুরু করে মিস্ত্রিরা।
নাটোরের বাগাতিপাড়া উপজেলার লোকমানপুর এলাকায় ঢাকা-রাজশাহী রেলপথের ভাঙন দেখা দেওয়ায় ট্রেন চলাচলে ঝুঁকি তৈরি হয়েছে। দুর্ঘটনা এড়াতে ওই পথে সাময়িকভাবে ঘণ্টায় মাত্র ১০ কিলোমিটার গতিতে ট্রেন চলাচল করছে।
বুধবার (৬ মে) বিকেল সাড়ে ৫টার দিকে বাগাতিপাড়া উপজেলার পাঁকা ইউনিয়নের লোকমানপুর রেলওয়ে স্টেশন থেকে প্রায় ২০০ গজ পশ্চিমে, রেলওয়ে সেকশন পিলার ২২৭/৭ সংলগ্ন স্থানে রেললাইনের ভাঙন শনাক্ত হয়।
রেলওয়ে সূত্র জানায়, লাইনের একটি অংশ ক্ষতিগ্রস্ত হওয়ায় তাৎক্ষণিকভাবে সতর্কতা জারি করা হয়। দুর্ঘটনা এড়াতে দ্রুতগামী ট্রেনগুলোকে ধীরগতিতে চালানোর নির্দেশ দেওয়া হয়। প্রাথমিকভাবে চটের বস্তা গুঁজে ঝুঁকিপূর্ণ স্থান দিয়ে ট্রেন পারাপারের ব্যবস্থা করা হয়েছে।
এ বিষয়ে রাজশাহী-১ অঞ্চলের দায়িত্বরত মেট মোস্তাক আহমেদ জানান, খবর পাওয়ার পরপরই বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়। পরে রাত ৯টার দিকে মিস্ত্রিরা ঘটনাস্থলে পৌঁছে মেরামতের কাজ শুরু করেন।
তিনি বলেন, “দ্রুত সময়ের মধ্যেই সংস্কার কাজ শেষ করে স্বাভাবিক ট্রেন চলাচল নিশ্চিত করা হবে।”
ঢাকা/আরিফুল/মাসুদ