ফুলগাজী সীমান্তে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
ফেনী প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ফেনীর ফুলগাজী উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৭ মে) সকালে উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের কামাল্লা গ্রাম থেকে মরদেহটি উদ্ধার হয়।
পুলিশ সূত্র জানায়, কামাল্লা গ্রামের সাবেক ইউপি সদস্য জানু মেম্বারের বাড়ির পশ্চিম পাশে এবং মিয়াচান হুজুরের মুরগির খামারের দক্ষিণে একটি মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
ফুলগাজী থানার উপ-পরিদর্শক মোহাম্মদ হোসেন বলেন, “স্থানীয়দের কেউই মারা যাওয়া ব্যক্তির পরিচয় শনাক্ত করতে পারেননি। তার বয়স আনুমানিক ৪৫ থেকে ৫০ বছর হতে পারে। মরদেহ থানায় আনা হয়েছে।”
ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নিশাত তাবাসসুম বলেন, “পিবিআই নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা করে। নিহত ব্যক্তির ফিঙ্গার প্রিন্টের সঙ্গে ডাটাবেজের কোনো মিল পাওয়া যায়নি।”
বিজিবির কুমিল্লা ব্যাটালিয়নের (১০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ বলেন, “ঘটনাস্থলটি সীমান্তবর্তী হলেও বাংলাদেশের অভ্যন্তরে পড়েছে। বিষয়টি ইতোমধ্যে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীকে (বিএসএফ) অবহিত করা হয়েছে। তাদের কাচে মরদেহের ছবি পাঠানো হয়েছে।”
ঢাকা/সাহাব/মাসুদ