রবীন্দ্র জন্মজয়ন্তীতে ‘স্ত্রীর চিঠি’
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উপলক্ষে বিশেষ আয়োজন করেছেন বেসরকারি টিভি ‘চ্যানেল আই’। ২৫ বৈশাখ (৮ মে) দিনব্যাপী থাকছে রবীন্দ্রসংগীত, কবিতা, টেলিফিল্ম, আলোচনা ও বিশেষ প্রামাণ্য অনুষ্ঠান। এদিন বিকেল ৩টা ৫ মিনিটে প্রচার হবে কবিগুরুর গল্প অবলম্বনে নির্মিত টেলিফিল্ম ‘স্ত্রীর চিঠি’।
অরুণ চৌধুরী পরিচালিত এ টেলিফিল্মে অভিনয় করেছেন সামিয়া অথৈ, আরেফিন জিলানী, নুর আলম নয়ন, সুচনা শিকদার ও বিমল ব্যানার্জি প্রমুখ।
সকালের শুরুতেই প্রচার হবে রবীন্দ্রসংগীতের বিশেষ পর্ব। এরপর রাত ১টা ও সকাল ৯টা ৪৫ মিনিটে প্রচার হবে বিশেষ অনুষ্ঠান ‘তৃতীয় মাত্রা’। ‘রবীন্দ্রনাথ: প্রজন্ম থেকে প্রজন্মে’ শিরোনামের এ আয়োজনে উপস্থাপনায় থাকবেন ফরিদুর রেজা সাগর। অতিথি হিসেবে অংশ নেবেন অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ, দীপ্তি চৌধুরী এবং নুসরাত সায়েম।
সন্ধ্যা ৬টায় প্রচার হবে শাইখ সিরাজের পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনায় বিশেষ প্রামাণ্য প্রতিবেদন ‘ডার্টিংটনে রবীন্দ্রনাথ’। এরপর সন্ধ্যা ৬টা ২০ মিনিটে থাকছে রেজওয়ানা চৌধুরী বন্যার পরিবেশনায় বিশেষ সংগীতানুষ্ঠান ‘আশা পুরাও তুমি এসো কাছে’। অনুষ্ঠানটি পরিচালনা করেছেন সোহেল রানা বিদ্যুৎ।
এছাড়াও পুরো দিনজুড়ে চ্যানেল আইয়ের পর্দায় ভেসে উঠবে রবীন্দ্রনাথ ঠাকুরের গান, কবিতা ও নানা স্মরণানুষ্ঠান।
ঢাকা/রাহাত/শান্ত