নড়াইলের পঙ্কবিলা গ্রাম ‘লিচুর গ্রাম’ হিসেবে পরিচিতি
নড়াইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম
নড়াইল সদর উপজেলার পঙ্কবিলা গ্রাম এখন ‘লিচুর গ্রাম’ হিসেবে পরিচিতি পেয়েছে। গ্রামের প্রায় প্রতিটি বাড়ির আঙিনায় থোকায় থোকায় ঝুলছে রসালো লিচু। আগাম জাতের লিচু চাষ করে বদলে যাচ্ছে গ্রামের মানুষের জীবনযাত্রা। নড়াইল শহর থেকে প্রায় দুই কিলোমিটার দূরের এ গ্রামে ঢুকলেই চোখে পড়ে বাড়ির আঙিনা, পুকুরপাড় ও রাস্তার পাশে সারি সারি লাল রঙের লিচুগাছ।
গ্রামের বাসিন্দা শহিদুল ইসলাম জানান, এখানকার লিচু দেশের অন্যান্য অঞ্চলের তুলনায় আগে পাকে এবং দ্রুত বাজারে পৌঁছে যায়। আগাম বাজারজাত করা সম্ভব হওয়ায় দামও তুলনামূলক বেশি পাওয়া যায়।
তিনি বলেন, “এ বছর আমার বাড়ির ছয়টি লিচুগাছে ভালো ফলন হয়েছে। ইতোমধ্যে প্রায় ১৫ হাজার টাকার লিচু বিক্রি করেছি। আগাম জাত হওয়ায় বিভিন্ন জেলার পাইকাররা সরাসরি বাড়ি থেকে লিচু কিনে নিয়ে যাচ্ছেন।” তিনি আরো জানান, প্রতিদিন এ গ্রাম থেকে গড়ে ২০ থেকে ৩০ হাজার লিচু বিক্রি হচ্ছে।
লিচু ব্যবসায়ী হাসান মোল্যা বলেন, “বাড়ি বাড়ি ঘুরে প্রতি ১০০টি লিচু ১৫০ থেকে ১৭০ টাকায় কেনা হচ্ছে। পরে সেগুলো বাইরের বাজারে ২০০ থেকে ৩০০ টাকায় বিক্রি করা হয়। বিভিন্ন জেলা থেকে পাইকাররা পঙ্কবিলা গ্রামে এসে লিচু কিনছেন।”
নড়াইল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মুহাম্মদ আরিফুর রহমান বৃহস্পতিবার (৭ মে) সকালে বলেন, “পঙ্কবিলা এখন ‘লিচুর গ্রাম’ হিসেবে পরিচিতি পেয়েছে। বাড়ির আঙিনায় আগাম জাতের লিচু চাষ করে গ্রামের মানুষের অর্থনৈতিক অবস্থার পরিবর্তন হচ্ছে।” কৃষি বিভাগ থেকে চাষিদের নিয়মিত কারিগরি সহায়তা ও পরামর্শ দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
ঢাকা/শরিফুল/জান্নাত
ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন ৭ জুন