স্থানীয় সরকার নির্বাচন ব্যবস্থাপনায় সফটওয়্যার চালু ইসির
স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর নির্বাচন ব্যবস্থাপনাকে আরো সমন্বিত, আধুনিক ও সময়োপযোগী করতে নতুন সফটওয়্যার চালু করেছে নির্বাচন কমিশন (ইসি)।
‘ইলেকশন সিডিউল ম্যানেজমেন্ট মডিউল (ইএমএস)’ নামের এ সফটওয়্যারের মাধ্যমে নির্বাচন সংক্রান্ত বিভিন্ন তথ্য সংরক্ষণ ও নিয়মিত হালনাগাদ করা হবে। একই সঙ্গে নির্বাচন তফসিল ঘোষণার প্রক্রিয়া সহজ ও কার্যকর করতে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নির্ধারিত সময়ের মধ্যে তথ্য এন্ট্রির নির্দেশ দিয়েছে কমিশন।
বৃহস্পতিবার (৭ মে) ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে এসব তথ্য জানানো হয়।
চিঠিতে বলা হয়েছে, সিটি কর্পোরেশন, পৌরসভা, জেলা পরিষদ, উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদসহ স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর নির্বাচন যথা সময়ে আয়োজনের সুবিধার্থে এ সফটওয়্যার তৈরি করা হয়েছে। এর মাধ্যমে নির্বাচনি ক্যালেন্ডার ব্যবস্থাপনা আরো গতিশীল ও তথ্যনির্ভর হবে বলে মনে করছে ইসি।
সফটওয়্যারটিতে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর সর্বশেষ নির্বাচন অনুষ্ঠানের তারিখ, গেজেট প্রকাশের তারিখ, শপথ গ্রহণ, প্রথম সভার তারিখসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য অন্তর্ভুক্ত করা হবে। এছাড়া ওয়ার্ড বিন্যাস, ভোটার তালিকা পুনর্বিন্যাস এবং নির্বাচনসংক্রান্ত মামলা-মোকদ্দমার তথ্যও নিয়মিত হালনাগাদ রাখতে হবে।
ইসি জানিয়েছে, উপজেলা ও থানা নির্বাচন কর্মকর্তাদের মাধ্যমে ‘ইলেকশন সিডিউল ম্যানেজমেন্ট মডিউল’-এ প্রয়োজনীয় তথ্য এন্ট্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ জন্য আগামী ১৫ মে’র মধ্যে সংশ্লিষ্ট সব তথ্য বাধ্যতামূলকভাবে এন্ট্রি নিশ্চিত করতে নির্দেশ দেওয়া হয়েছে।
এ কার্যক্রম তদারকির দায়িত্বে থাকবেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা এবং সিনিয়র জেলা/জেলা নির্বাচন কর্মকর্তারা। তারা মাঠ পর্যায় থেকে এন্ট্রি করা তথ্যের সঠিকতা যাচাই করে প্রত্যয়ন দেবেন।
এদিকে, নির্বাচন কমিশন সচিবালয়ের আইসিটি অনুবিভাগ মাঠ পর্যায়ে সফটওয়্যার ব্যবহারে প্রয়োজনীয় কারিগরি সহায়তা ও তথ্য এন্ট্রি মনিটরিংয়ের জন্য লিংকসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বলে জানিয়েছে ইসি।
ঢাকা/এমএসবি/এসবি
ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন ৭ জুন