জুসের মান নিয়ে কথা কাটাকাটি, ক্রেতার অস্ত্রের আঘাতে দোকানির মৃত্যু
বাগেরহাট প্রতিনিধি || রাইজিংবিডি.কম
বাগেরহাটের চিতলমারীতে জুসের মান নিয়ে কথা কাটাকাটির জের ধরে ক্রেতার অস্ত্রের আঘাতে মুজাহিদ মোল্লা নামের এক দোকানির মৃত্যু হয়েছে। হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন নিহতের স্বজন ও এলাকাবাসী।
প্রতিদিনের মতো বৃহস্পতিবার (৭ এপ্রিল) সকালে বাড়ির সামনে নিজ দোকানে আসেন মুজাহিদ মোল্লা। এ সময় একই এলাকার বাইজিদ ইজারাদার নামের এক ব্যক্তি তার দোকান থেকে এক বোতল জুস কিনেন। জুস হাতে নিয়ে তিনি অভিযোগ করেন, এটি ভালো না। তখন দোকানি মুজাহিদ মোল্লা জুসটি খেয়ে জানান, এটি খারাপ নয়। এ সময় বাইজিদ তার হাতে থাকা ধারালো অস্ত্র (আশুয়া) দিয়ে মুজাহিদ মোল্লার গলায় কোপ দেন। গুরুতর আহত অবস্থায় মুজাহিদকে দ্রুত চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জামায়াত ইসলামীর চিতলমারী উপজেলার হিজলা ইউনিয়ন কমিটির আমির শেখ সোহেল বলেন, “মুজাহিদ মোল্লা খুব ভালো মানুষ ছিলেন। তুচ্ছ বিষয় নিয়ে ধারালো অস্ত্র দিয়ে তাকে হত্যা করছে। এটা পরিকল্পিত হত্যা, স্বাভাবিকভাবে এমন করা যায় না। আমরা এর সঠিক বিচার দাবি করছি।”
চিতলমারী উপজেলা যুবদলের নেতা জয়নুল পারভেজ সুমন বলেছেন, “বিচারহীনতার কারণে সমাজে অসঙ্গতি এসেছে। আমরা চাই যে, বিচারের সংস্কৃতি চালু হোক। এই ঘটনা ন্যক্কারজনক। আমরা এটার এমন শাস্তি চাই, যে শাস্তিতে সমাজের মানুষ মনে করবে, এমন কাজের সাথে জড়িত থাকলে বিচার হয়।”
চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেছেন, “সকাল সাড়ে ৭টার দিকে খবর পাই, হিজলা গ্রামে মুজাহিদ নামের একজনকে বায়জিদ নামের এক ব্যক্তি কুপিয়েছে। তাকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়। আমি সাথে সাথে আমার টিম নিয়ে ঘটনা স্থলে আসি। লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের কাজ চলছে। ইতোমধ্যে আসামি গ্রেপ্তার হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।”
ঢাকা/আমিনুল/রফিক
ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন ৭ জুন