ঢাকা     সোমবার   ০৪ মে ২০২৬ ||  বৈশাখ ২১ ১৪৩৩ || ১৬ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রে ফুলব্রাইটে পড়ার সুযোগ, আবেদন শুরু

ডেস্ক রিপোর্ট || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৩৫, ৪ মে ২০২৬   আপডেট: ১৫:৫৪, ৪ মে ২০২৬
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রে ফুলব্রাইটে পড়ার সুযোগ, আবেদন শুরু

ইউএস অ্যাম্বাসি ইন বাংলাদেশ ওয়েবসাইট থেকে সংগৃহীত

বিদেশে উচ্চশিক্ষার স্বপ্ন পূরণে বড় বাধা হয়ে দাঁড়ায় অর্থের বিষয়টি। সেক্ষেত্রে বড় সহায়তা হিসেবে বিবেচনা করা যেতে পারে যুক্তরাষ্ট্র সরকারের ফুলব্রাইট ফরেন স্টুডেন্ট প্রোগ্রাম। আন্তর্জাতিক এই স্কলারশিপের মাধ্যমে প্রতি বছর বিশ্বের প্রায় ১৬০টি দেশ থেকে চার হাজারের বেশি শিক্ষার্থী যুক্তরাষ্ট্রের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স ও পিএইচডি করার সুযোগ পান।

২০২৭-২০২৮ সেশনের জন্য ইতোমধ্যে এই প্রোগ্রামের আবেদন শুরু হয়েছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের অর্থায়নে এবং ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল এডুকেশনের (আইআইই) তত্ত্বাবধানে পরিচালিত এই কর্মসূচির মাধ্যমে যোগ্য পেশাজীবীরা যুক্তরাষ্ট্রে মাস্টার্স ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন।

এই প্রোগ্রামের জন্য মূলত বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষক, গবেষণা প্রতিষ্ঠান, থিংক ট্যাংক ও সরকারি-বেসরকারি সংস্থায় কর্মরত জুনিয়র থেকে মধ্যম পর্যায়ের পেশাজীবীদের অগ্রাধিকার দেওয়া হবে। নির্বাচিতরা ২০২৭ সালের সেপ্টেম্বর থেকে এক থেকে দুই বছরের জন্য স্কলারশিপ পাবেন। যারা এই অভিজ্ঞতা কাজে লাগিয়ে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক উন্নয়নে ভূমিকা রাখতে আগ্রহী, তাদের বিশেষভাবে প্রাধান্য দেওয়া হবে।

আবেদনের জন্য যেসব বিষয় নির্ধারণ করা হয়েছে, সেগুলোর মধ্যে রয়েছে— আমেরিকান স্টাডিজ (ইতিহাস, সাহিত্য, রাজনীতি), সিকিউরিটি স্টাডিজ (প্রতিরক্ষা নীতি, সামরিক কৌশল), এনার্জি স্টাডিজ, বিভিন্ন বিজ্ঞান বিষয়, প্রযুক্তি (কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা ইত্যাদি), প্রকৌশল, ব্যবসা, সামাজিক বিজ্ঞান, অর্থনীতি এবং টেসল (ইংরেজি ভাষা শিক্ষা)।

সুযোগ-সুবিধা

ফুলব্রাইট প্রোগ্রামের অন্যতম আকর্ষণ হলো এর পূর্ণাঙ্গ আর্থিক সহায়তা। নির্বাচিত শিক্ষার্থীরা ভিসা সহায়তা, বিমান ভাড়া, টিউশন ফি, মাসিক ভাতা, বইপত্র কেনার খরচসহ বিভিন্ন সুবিধা পান, যা বিদেশে পড়াশোনার ব্যয় প্রায় পুরোপুরি বহন করে।

যোগ্যতা

আবেদনকারীর কমপক্ষে চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং একাডেমিক ফল ভালো হতে হবে। যুক্তরাষ্ট্রের কোনো বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি থাকা যাবে না বা সেখানে বর্তমানে অধ্যয়নরত হওয়া যাবে না। বিদেশি মাস্টার্স ডিগ্রি থাকলে আবেদন করা যাবে না (তবে বাংলাদেশি মাস্টার্স গ্রহণযোগ্য)। সংশ্লিষ্ট বিষয়ে কমপক্ষে দুই বছরের পূর্ণকালীন কাজের অভিজ্ঞতা থাকতে হবে। ইংরেজিতে দক্ষতা প্রমাণে টোফেলে ন্যূনতম ৯০ বা আইইএলটিএস স্কোর ৭ থাকতে হবে। আবেদনকারীকে বাংলাদেশি নাগরিক হতে হবে এবং আবেদনের সময় দেশে অবস্থান করতে হবে।

আবেদনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র

অনলাইন আবেদন ফরম, একাডেমিক সনদ ও ট্রান্সক্রিপ্ট, তিনটি সুপারিশপত্র, একাডেমিক তথ্য ফরম, টোফেল বা আইইএলটিএস স্কোর এবং থাকলে জিআরই বা জিম্যাট স্কোর জমা দিতে হবে।

আবেদনের শেষ সময়

আগামী ১১ জুলাই ২০২৬, রাত ১১টা ৫৯ মিনিট (বাংলাদেশ সময়) পর্যন্ত আবেদন করা যাবে।

আবেদন করতে ভিজিট করতে হবে: https://apply.iie.org/ffsp2027
বিস্তারিত জানতে যোগাযোগ: [email protected]

সূত্র:বিডিইউএসঅ্যাম্বাসিডটওআরজি

ঢাকা/জান্নাত

সর্বশেষ

পাঠকপ্রিয়