ঢাকা     সোমবার   ০৮ জুন ২০২৬ ||  জ্যৈষ্ঠ ২৫ ১৪৩৩ || ২২ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

স্নাতকে সম্পূর্ণ বৃত্তি দিচ্ছে যুক্তরাষ্ট্রের মিয়ামি বিশ্ববিদ্যালয়

শিক্ষা ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫৫, ৮ জুন ২০২৬   আপডেট: ১৩:৫৬, ৮ জুন ২০২৬
স্নাতকে সম্পূর্ণ বৃত্তি দিচ্ছে যুক্তরাষ্ট্রের মিয়ামি বিশ্ববিদ্যালয়

ছবি এআই দিয়ে তৈরি

যুক্তরাষ্ট্রে স্নাতক পর্যায়ে পড়াশোনার স্বপ্ন দেখা শিক্ষার্থীদের জন্য এসেছে বড় সুযোগ। ২০২৬ শিক্ষাবর্ষে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য পূর্ণ অর্থায়নে ‘স্ট্যাম্পস স্কলারশিপ’ দেবে ইউনিভার্সিটি অব মিয়ামি। বৃত্তির আওতায় চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রির প্রায় সব খরচ বহন করা হবে। বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন।

বিশ্ববিদ্যালয়টির মর্যাদাপূর্ণ ‘স্ট্যাম্পস স্কলারশিপ’ কর্মসূচির আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা সম্পূর্ণ টিউশন ফি, ক্যাম্পাসে আবাসন, খাবার, স্বাস্থ্যবিমা, পাঠ্যপুস্তক ও ল্যাপটপ ভাতাসহ বিভিন্ন সুবিধা পাবেন। পাশাপাশি গবেষণা, বিদেশে অধ্যয়ন, বেতনবিহীন ইন্টার্নশিপ, নেতৃত্ব উন্নয়ন কার্যক্রম এবং শিক্ষামূলক সেমিনারে অংশগ্রহণের জন্য ১২ হাজার মার্কিন ডলারের বিশেষ এনরিচমেন্ট ফান্ড দেওয়া হবে।

আরো পড়ুন:

১৯২৫ সালে প্রতিষ্ঠিত ইউনিভার্সিটি অব মিয়ামি যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের কোরাল গেবলসে অবস্থিত একটি বেসরকারি গবেষণা বিশ্ববিদ্যালয়। বর্তমানে সেখানে প্রায় ১৮ হাজার শিক্ষার্থী অধ্যয়ন করছেন। বিশ্ববিদ্যালয়টিতে ১৩২টি ব্যাচেলর, ১৪৮টি মাস্টার্স এবং ৬৭টি পিএইচডি প্রোগ্রাম চালু রয়েছে।

বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা যেসব সুবিধা পাবেন—

• সম্পূর্ণ টিউশন ফি
• বিনা মূল্যে ক্যাম্পাসে আবাসন
• খাবার ভাতা
• স্বাস্থ্যবিমা সুবিধা
• পাঠ্যপুস্তক ভাতা
• ল্যাপটপ ভাতা
• ১২ হাজার মার্কিন ডলারের এনরিচমেন্ট ফান্ড

বিশ্ববিদ্যালয়ের প্রায় সব স্নাতক প্রোগ্রামেই এ বৃত্তি প্রযোজ্য। উল্লেখযোগ্য বিষয়গুলোর মধ্যে রয়েছে হিসাববিজ্ঞান, ব্যবসায় প্রশাসন, চারুকলা, জীববিজ্ঞান, সামুদ্রিক বিজ্ঞান, ক্রীড়া বিজ্ঞান, পুরকৌশল, কম্পিউটার বিজ্ঞান, স্বাস্থ্য ও ফিটনেস এবং সামুদ্রিক প্রকৌশল।

আবেদন করতে যা যা প্রয়োজন

আবেদনের জন্য কমন অ্যাপ্লিকেশন পূরণের পাশাপাশি একাডেমিক ট্রান্সক্রিপ্ট, নম্বরপত্র, স্কুল রিপোর্ট, সুপারিশপত্র, সহশিক্ষা কার্যক্রমের তথ্য, আন্তর্জাতিক আর্থিক সনদ ফরম এবং আর্থিক সহায়তাসংক্রান্ত কাগজপত্র জমা দিতে হবে। আবেদনকারীকে আন্তর্জাতিক শিক্ষার্থী হতে হবে এবং ইউনিভার্সিটি অব মিয়ামির ব্যাচেলর ডিগ্রি প্রোগ্রামে ভর্তির প্রস্তাব (অফার) পেতে হবে।

আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ ১ নভেম্বর ২০২৬।

বিস্তারিত জানতে পারবেন নিচের দেওয়া লিংকে
https://admissions.miami.edu/undergraduate/financial-aid/scholarships/stamps/index.html

ঢাকা/জান্নাত

সর্বশেষ

পাঠকপ্রিয়