ঢাকা     শুক্রবার   ২৭ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৪ ১৪৩২ || ৭ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

দ্বিতীয় দিনের মতো চলছে রাখাইন সংঘরাজের জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠান

পটুয়াখালী (উপকূল) প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:০২, ২৭ মার্চ ২০২৬   আপডেট: ১১:০৬, ২৭ মার্চ ২০২৬
দ্বিতীয় দিনের মতো চলছে রাখাইন সংঘরাজের জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠান

পটুয়াখালীর কলাপাড়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে চলছে রাখাইন সম্প্রদায়ের ধর্মগুরু সংঘরাজ ভদন্ত উকোইন্দা মহাথেরোর (৮৭) জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠান। 

শুক্রবার (২৭ মার্চ) সকালে উপজেলার বালিয়াতলী ইউনিয়নের তুলাতলীপাড়া বৌদ্ধ বিহার সংলগ্ন এলাকার মাঠে দ্বিতীয় দিনের আনুষ্ঠানিকতা শুরু হয়। বান্দরবান, খাগড়াছড়ি ও কক্সবাজারসহ দেশের বিভিন্ন জেলা থেকে আগমন ঘটেছে হাজারো রাখাইন নর-নারীর। ব্যতিক্রমী এ অনুষ্ঠান দেখতে ভিড় করছেন স্থানীয়রা।

স্থানীয় সূত্র জানায়, শুক্রবার সকাল থেকে একের পর এক চলছে ভিক্ষু সংঘের পিন্ড দান। দেশ বরেণ্য ভিক্ষুদের দেশনা প্রদান, ছন্দোগুন পাঠ, রথ পরিক্রমা ও আলং নৃত্য। বৃহস্পতিবার দিনভর অনুষ্ঠিত হয়েছে, মহাথেরোর অন্তিম রথযাত্রা, শবদেহ পালং দোলনা শান্তিরকুঠি দানকারীদের হাতে হস্তান্তর করণ, ধর্মীয় সংগীত, পিন্ডদান এবং আলং নৃত্য। 

বরিশাল বিভাগের সংঘরাজ তুলাতলীপাড়া বৌদ্ধ বিহারের অধ্যক্ষ উকোইন্দা মহাথেরো ২০২৫ সালের ১৭ ডিসেম্বর পরলোক গমন করেন। তিনি ৬৬ বছর বর্ষাবাস জীবনযাপন করেন। মৃত্যুর পর ৯৯ দিন বিশেষ ব্যবস্থায় তার মরদেহ বিহারে রাখা হয়। শনিবার (২৮ মার্চ) তার শেষকৃত্য সম্পন্ন হবে।

অধ্যক্ষ উকোইন্দা মহাথেরোর অন্ত্যেষ্টিক্রিয়া কমিটির সাধারণ সম্পাদক মংচো তালুকদার বলেন, “দীর্ঘদিন পরে এমন অনুষ্ঠানের আয়োজন হওয়ায় রাখাইন সম্প্রদায়ের মানুষের মধ্যে আগ্রহের কোনো কমতি নেই। এ অনুষ্ঠানে দেশের বিভিন্ন জেলা থেকে হাজারো রাখাইন নর-নারী উপস্থিত হয়েছেন। আজ শুক্রবার দিনভর নানা ধর্মীয় অনুষ্ঠান হবে। শনিবার সংঘরাজের শেষকৃত্য সম্পন্ন হবে। আশা করছি, শান্তিপূর্ণভাবে আমরা অনুষ্ঠানটি শেষ করতে পারব।”

ঢাকা/ইমরান/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়