ঢাকা     শুক্রবার   ২৭ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৪ ১৪৩২ || ৮ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

গুচ্ছের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪৫, ২৭ মার্চ ২০২৬   আপডেট: ১৬:৪৫, ২৭ মার্চ ২০২৬
গুচ্ছের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

গুচ্ছভুক্ত (জিএসটি) স্নাতক (সম্মান) প্রথম বর্ষের (২০২৫–২০২৬ শিক্ষাবর্ষ) ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা দেশব্যাপী বিভিন্ন বিশ্ববিদ্যালয় কেন্দ্রে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ মার্চ) বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এক ঘণ্টাব্যাপী এ পরীক্ষা অনুষ্ঠিত হয়, যা ছিল তিন ধাপের ভর্তি পরীক্ষার প্রথম ধাপ।

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি), যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি), নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) এবং রবীন্দ্র বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন কেন্দ্রে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হয়।

আরো পড়ুন:

পাবিপ্রবিতে ‘সি’ ইউনিটে মোট ১,২৬৯ জন পরীক্ষার্থীর মধ্যে ৯৯৭ জন অংশগ্রহণ করেন। উপস্থিতির হার ছিল ৭৮.৫৭ শতাংশ।যবিপ্রবিতে ‘সি’ ইউনিটে আসন ছিল ১,৬৯৯টি, যেখানে ৮৬.২৪ শতাংশের বেশি পরীক্ষার্থী উপস্থিত ছিলেন। নোবিপ্রবিতে ২,৪৩৮ জন পরীক্ষার্থীর মধ্যে ১,৯৫২ জন অংশ নেন, উপস্থিতির হার ৮০.০৭ শতাংশ। অন্যদিকে, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ৬০২ জনের মধ্যে ৫১১ জন পরীক্ষায় অংশগ্রহণ করেন, যেখানে উপস্থিতির হার ছিল ৮৪.৮৮ শতাংশ।

পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলোতে আগেই প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়। জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সার্বিক সহযোগিতা প্রদান করেন। কেন্দ্রগুলোতে শৃঙ্খলা বজায় রাখতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।

পাবিপ্রবিতে উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. শামীম আহসান সার্বক্ষণিক পরীক্ষা মনিটরিং করেন এবং কেন্দ্র পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন। পরীক্ষার্থীদের সুবিধার্থে রুম নম্বর শনাক্তকরণ, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, ফায়ার সার্ভিস ও মেডিকেল টিম প্রস্তুত রাখা হয়। প্রতি ১৫ মিনিট অন্তর সময় জানানোর ব্যবস্থা এবং অভিভাবকদের জন্য বসার জায়গা ও বিশুদ্ধ পানির ব্যবস্থাও রাখা হয়।

উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম বলেন, “জাতীয়ভাবে ২০টি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ পরীক্ষার অংশ হিসেবে আমরা ‘সি’ ইউনিটের প্রথম ধাপের পরীক্ষা সম্পন্ন করেছি। এটি সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হওয়ায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাই।”
অন্যদিকে, যবিপ্রবিতে ষষ্ঠবারের মতো গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ বলেন, “অত্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে যবিপ্রবি কেন্দ্রে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে।” তিনি সংশ্লিষ্ট শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের ধন্যবাদ জানান।

যবিপ্রবির ‘সি’ ইউনিটের কো-অর্ডিনেটর ও ডিনস কমিটির আহ্বায়ক ড. মো. কোরবান আলী জানান, পরীক্ষার্থীর সংখ্যা তুলনামূলক কম হওয়ায় একটি কেন্দ্রেই পরীক্ষা অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীদের সহায়তায় ডিজিটাল ব্যানারে রোল নম্বর ও কেন্দ্র নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি নিরাপত্তা উপ-কমিটি, বিএনসিসি, রোভার স্কাউট ও স্বেচ্ছাসেবকরা দায়িত্ব পালন করেন।

নোবিপ্রবিতে পরীক্ষা চলাকালে উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন। তিনি জানান, গুচ্ছভুক্ত ২০টি বিশ্ববিদ্যালয়ে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে এবং নোবিপ্রবিতে তা অত্যন্ত সুষ্ঠু পরিবেশে সম্পন্ন হয়েছে। পরীক্ষা উপলক্ষে যানজট নিরসন, পরিচ্ছন্নতা এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিশ্চিত করতে বিভিন্ন স্টেকহোল্ডারের সমন্বয় করা হয়। পরীক্ষার্থীদের জন্য মেডিকেল টিম ও অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা হয় এবং অভিবাবকদের জন্য বিশ্রাম, বিশুদ্ধ পানি ও পরিবহন সুবিধা নিশ্চিত করা হয়।

অন্যদিকে, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী একাডেমিক ভবন-৩ এ ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এর আগে বিশ্ববিদ্যালয় প্রশাসন স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, হাইওয়ে পুলিশ, গোয়েন্দা সংস্থা, ফায়ার সার্ভিস, পল্লী বিদ্যুৎ ও স্বাস্থ্যসেবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় সভা করে। পরীক্ষা শেষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হাসান তালুকদার সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সারাদেশে গুচ্ছভুক্ত ২০টি বিশ্ববিদ্যালয়ের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা ২১টি কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হয়েছে। আগামী ৩ এপ্রিল ‘বি’ ইউনিট এবং ১০ এপ্রিল ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পাবিপ্রবিতে ‘এ’ ইউনিটের পরীক্ষা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছাড়াও পাবনা শহরের আরো পাঁচটি কেন্দ্রে নেওয়া হবে। সব ইউনিটের পরীক্ষা বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। তবে স্থাপত্য বিভাগের ব্যবহারিক (ড্রয়িং) পরীক্ষা ১০ এপ্রিল বেলা ৩টা থেকে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

[রাইজিংবিডি ডটকম-এর প্রতিনিধিদের পাঠানো তথ্য থেকে প্রতিবেদনটি লেখা হয়েছে]

ঢাকা/শাহীন/ইমদাদুল/শফিউল্লাহ/হাবিবুর/জান্নাত

সর্বশেষ

পাঠকপ্রিয়