জ্বালানি সংকটের অজুহাতে ২০০ টাকার ভাড়া ৮০০
ময়মনসিংহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে ময়মনসিংহে সৌখিন পরিবহনের দুটি বাসকে জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।
ময়মনসিংহ নগরীর মাসকান্দা বাস টার্মিনালে অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় ২০০ টাকার ভাড়া ৮০০ টাকা আদায়ের অভিযোগের সত্যতা পাওয়ায় সৌখিন পরিবহনের দুইটি বাসকে সাড়ে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। যাত্রীরা জানান, জ্বালানি সংকটের অজুহাত দেখিয়ে চালক ও সহকারীরা চারগুণ বাড়তি ভাড়া আদায় করছিলেন।
শুক্রবার (২৭ মার্চ) বিকেলে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানভীর হাসান ও মো. রাশিক খান শুষান অভিযান পরিচালনা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, মাসকান্দা বাস টার্মিনাল থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া সৌখিন পরিবহনের বাসগুলো শুক্রবার প্রত্যেক যাত্রীর কাছ থেকে ৮০০ টাকা করে ভাড়া আদায় করছিল। অথচ সাধারণ সময়ে ঢাকা-ময়মনসিংহ রুটে এই বাসের ভাড়া মাত্র ২০০ টাকা এবং গাজীপুর পর্যন্ত ১৫০ টাকা।
উপস্থিত যাত্রীরা জানান, জ্বালানি সংকটের অজুহাত দেখিয়ে চালক ও সহকারীরা চারগুণ বাড়তি ভাড়া আদায় করেছেন। এমনকি ত্রিশাল বা ভালুকার মতো স্বল্প দূরত্বের যাত্রীদের কাছ থেকেও ৮০০ টাকা আদায় করা হচ্ছিল। এ নিয়ে টার্মিনালে যাত্রী ও বাস শ্রমিকদের মধ্যে দফায় দফায় বাগবিতণ্ডার ঘটনা ঘটে।
এ বিষয়ে ময়মনসিংহ জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানভীর হাসান বলেন, “অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পেয়ে অভিযান চালানো হয়। অভিযোগের সত্যতা পাওয়ায় সৌখিন পরিবহনের দুটি বাসকে ১৩ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে এবং কঠোরভাবে সতর্ক করা হয়েছে। বর্তমানে নির্ধারিত ভাড়ায় যাত্রী পরিবহন নিশ্চিত করা হচ্ছে।”
ঢাকা/মিলন/মাসুদ