ঢাকা     রোববার   ২৯ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৬ ১৪৩২ || ৯ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

বিওয়াইডির সঙ্গে চুক্তির আর্থিক প্রভাব মূল্যায়ন হচ্ছে: রানার অটো

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪৯, ২৯ মার্চ ২০২৬  
বিওয়াইডির সঙ্গে চুক্তির আর্থিক প্রভাব মূল্যায়ন হচ্ছে: রানার অটো

পুঁজিবাজারে প্রকৌশল খাতে তালিকাভুক্ত কোম্পানি রানার অটোমোবাইলস পিএলসির পরিচালনা পর্ষদ দেশের বাজারে চীনের বৈদ্যুতিক যানবাহন নির্মাতা বিওয়াইডির বৈদ্যুতিক গাড়ি উৎপাদনের সিদ্ধান্ত নিয়েছে। এ লক্ষ্যে বিওয়াইডির সঙ্গে মাস্টার সাপ্লাই ও ম্যানুফ্যাকচারিং এগ্রিমেন্ট (এমএসএমএ) স্বাক্ষর সম্পন্ন হয়েছে। তবে, চূড়ান্ত বিনিয়োগ, আর্থিক প্রভাব ও প্রকল্প বাস্তবায়নের বিস্তারিত এখনো নির্ধারিত হয়নি বলে জানিয়েছে রানার অটোমোবাইলস পিএলসি।

রবিবার (২৯ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

আরো পড়ুন:

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে পাঠানো এক জিজ্ঞাসার জবাবে কোম্পানিটি জানিয়েছে, চুক্তিটি মূলত সিকেডি (কমপ্লিটলি নকড ডাউন) পদ্ধতিতে যানবাহন উৎপাদনের একটি কাঠামোগত ভিত্তি হিসেবে কাজ করবে। বর্তমানে এই চুক্তির ভিত্তিতে প্রকল্পের বিনিয়োগ সম্ভাব্যতা, বাস্তবায়ন পরিকল্পনা এবং সম্ভাব্য আর্থিক ফলাফল মূল্যায়ন করা হচ্ছে।

কোম্পানির পক্ষ থেকে বলা হয়েছে, প্রতিটি যানবাহন মডেলের জন্য পৃথক টেকনিক্যাল লাইসেন্স এগ্রিমেন্ট (টিএলএ) করা হবে। এসব মডেলভিত্তিক চুক্তির মাধ্যমে সংশ্লিষ্ট বাণিজ্যিক শর্ত, উৎপাদন প্রক্রিয়া, পরিচালন কাঠামো এবং আর্থিক বিষয়গুলো বিস্তারিতভাবে নির্ধারণ করা হবে। ফলে, এমএসএমএ চুক্তি চূড়ান্ত কাঠামো দিলেও প্রকল্পের প্রকৃত আর্থিক চিত্র নির্ভর করবে পরবর্তী এসব চুক্তির ওপর।

চলতি বছরের গত ২০ মার্চ চীনের শেনজেনে অনুষ্ঠিত একটি বিওয়াইডি সম্মেলনে এমএসএমএ চুক্তিটি স্বাক্ষরিত হয়। বর্তমানে চুক্তিটি বিওয়াইডির পক্ষ থেকে অবশিষ্ট আইনগত প্রক্রিয়া সম্পন্নের অপেক্ষায় রয়েছে, যা শেষ হতে আরো ৫-৬ কার্যদিবস লাগতে পারে।

রানার অটোমোবাইলস জানিয়েছে, আইনগত প্রক্রিয়া শেষ হলে স্বাক্ষরিত চুক্তির কপি প্রকাশ করা হবে। একইসঙ্গে প্রকল্পের চূড়ান্ত বিনিয়োগের পরিমাণ, আর্থিক পূর্বাভাস ও অন্যান্য বিষয় সরবরাহকারী বিওয়াইডি এবং কোম্পানির পরিচালনা পর্ষদের অনুমোদনের পর জানানো হবে।

ঢাকা/এনটি/রফিক

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়