ঢাকা     রোববার   ২৯ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৬ ১৪৩২ || ৯ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ঈদের ছুটি শেষে আবারো স্বাভাবিক কার্যক্রমে ফিরেছে যবিপ্রবি

যবিপ্রবি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২৭, ২৯ মার্চ ২০২৬  
ঈদের ছুটি শেষে আবারো স্বাভাবিক কার্যক্রমে ফিরেছে যবিপ্রবি

ঈদুল ফিতর উপলক্ষে ১৫ দিনের ছুটি শেষে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) সকল প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম স্বাভাবিক নিয়মে শুরু হয়েছে।

শনিবার (২৮ মার্চ) সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ের প্রায়ই প্রতিটা বিভাগেরই শিক্ষক শিক্ষার্থী ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি লক্ষ করা যায়।

আরো পড়ুন:

যবিপ্রবির উপাচার্য দপ্তর, রেজিস্ট্রার অফিস, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তর, জনসংযোগ শাখা ও পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরসহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য দপ্তর সমূহের কার্যক্রম পুরোপুরি চালু হয়েছে। কয়েকটি বিভাগে নির্ধারিত তারিখে সেমিস্টার ফাইনাল পরীক্ষা চলমান থাকায় শিক্ষার্থীদের উপস্থিতি কম হলেও শিক্ষক ও একাডেমিক কর্মচারীদের উপস্থিতিতে একাডেমিক কার্যক্রম চালু রয়েছে। তাছাড়া, সকল বিভাগের একাডেমিক কার্যক্রম যেমন ক্লাস, ল্যাব এবং ক্লাস পরীক্ষাসমূহ নির্ধারিত সময়সূচি অনুযায়ী শুরু হয়েছে।

ক্লাইমেট অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষক হাসান মোহাম্মদ নাভিদ আনজুম বলেন, “পবিত্র মাহে রমজান, শবে কদর ও ঈদুল ফিতর উপলক্ষে দীর্ঘ ১৫ দিনের ছুটি শেষে আবারো কর্মব্যস্ত জীবনে ফিরে এসেছি। এই সময়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে, যার মাধ্যমে সবার সঙ্গে দেখা ও মতবিনিময়ের সুযোগ হয়েছে। আজ থেকে একাডেমিক কার্যক্রমও নিয়ম অনুযায়ী শুরু হয়েছে। বিশেষ করে আমাদের বিভাগের চতুর্থ বর্ষের ডিফেন্স কার্যক্রম আজ থেকেই শুরু হয়েছে। শুরুর দিন থেকেই আমরা শিক্ষার্থীদের সঙ্গে ক্লাস, ল্যাবসহ বিভিন্ন একাডেমিক কার্যক্রম পরিচালনা করতে পারছি। এত সুন্দর ব্যবস্থাপনার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আন্তরিক ধন্যবাদ জানাই।”

জনসংযোগ শাখার কর্মকর্তা নাজমুল হোসাইন বলেন, “দীর্ঘ ১৫ দিনের ছুটির পর বিশ্ববিদ্যালয়ের সকল দাপ্তরিক কার্যক্রম পুনরায় স্বাভাবিক গতিতে শুরু হয়েছে। প্রতিটা দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা দায়িত্বশীলতা ও পেশাদারিত্বের সঙ্গে নিজ নিজ দায়িত্ব পালন করছেন। আমরা সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে সেবার মান বজায় রেখে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম এগিয়ে নিতে প্রতিশ্রুতিবদ্ধ। পাশাপাশি একাডেমিক কার্যক্রমও নির্ধারিত সময়সূচি অনুযায়ী পরিচালিত হচ্ছে এবং শিক্ষার্থীদের নির্বিঘ্ন সেবা নিশ্চিত করতে আমরা সর্বাত্মকভাবে কাজ করে যাচ্ছি।”

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কলি জাহান বলেন, “ক্যাম্পাসে ফেরার পর আমরা যেন নতুন করে উজ্জীবিত হয়ে উঠেছি। দীর্ঘ ১৫ দিনের ছুটির পরও আমাদের একাডেমিক কার্যক্রমে তেমন কোনো নেতিবাচক প্রভাব পড়েনি। ছুটির সময় তৈরি হওয়া একাডেমিক ঘাটতিগুলো শিক্ষকেরা অতিরিক্ত ক্লাসের মাধ্যমে পূরণ করে দিচ্ছেন। বিশেষ করে, সেমিস্টার ফাইনাল পরীক্ষাও যথারীতি শুরু হয়ে গেছে, যা আমাদের নিয়মিত পড়াশোনার ধারাবাহিকতা বজায় রাখতে সহায়তা করছে।”

ঢাকা/ইমদাদুল/জান্নাত

সর্বশেষ

পাঠকপ্রিয়