ঢাকা     রোববার   ২৯ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৬ ১৪৩২ || ১০ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

জনগণ ভিন্ন বাংলাদেশ চায়, সেটা রক্ত দিয়ে তারা প্রমাণ করেছে: শহিদুল

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:২৫, ২৯ মার্চ ২০২৬  
জনগণ ভিন্ন বাংলাদেশ চায়, সেটা রক্ত দিয়ে তারা প্রমাণ করেছে: শহিদুল

খ্যাতিমান আলোকচিত্রী ও সমাজকর্মী শহিদুল আলম বলেছেন, “সরকার সংবিধানের কথা বলেছে। সংবিধানে অনেক কিছু আছে। সংবিধানে যেটা নেই, সেটা হচ্ছে গণঅভ্যুত্থান। যেটা নেই, সেটা হচ্ছে বিপ্লব। যেটা নেই, সেটা হচ্ছে প্রধানমন্ত্রীর পালিয়ে যাওয়া। সেগুলো কোনোটাই সংবিধানে লেখা নেই। কিন্তু, সেগুলোকে আমরা আলিঙ্গন করেছি। কারণ, জনগণ ভিন্ন বাংলাদেশ চায়, সেটা রক্ত দিয়ে তারা প্রমাণ করেছে।”

রবিবার (২৯ মার্চ) দুপুরে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে গণভোট বাস্তবায়ন নাগরিক ফোরামের আয়োজনে জুলাই সনদ এবং গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

শহিদুল আলম বলেন, “সার্বিকভাবে রায় জনগণ দিয়েছে এবং যে রায় জনগণ দিয়েছে, সেটাকে আপনার মানতে হবে। কারণ, যদি সত্যিকার অর্থেই আপনি বিশ্বাস করেন জনগণ সবার ওপরে, সংবিধানের ওপরে, তাহলে জনগণকে, জনগণের রায়কে উপেক্ষা করার আপনার-আমার কারোরই কোনো সুযোগ নেই।”

শহিদুল আলম বলেন, “আপনারা গদিতে আছেন, সেটাও কিন্তু জনগণের রায়। আপনারা যদি সেই রায়টা গ্রহণ করতে পারেন, অন্য রায়টা গ্রহণ করা এত কঠিন হয়ে যায় কেন, সেটা আমরা বুঝি না।…যা বলা হচ্ছে, তার সবকিছুর সঙ্গে হয়তো আপনার মত না মিলতে পারে, আমার মত না মিলতে পারে, এখানে অনেকেই আছে, যারা সম্পূর্ণভাবে পুরো জিনিসটাকে গ্রহণ নাও করতে পারে।”

মানববন্ধনে গণভোট বাস্তবায়ন নাগরিক ফোরামের সহ-সমন্বয়ক ফাহিম মাশরুর বলেন, “আমরা মনে করি যে, আজকে কতক্ষণ পরে যে সংসদ আবারও বসতে যাচ্ছে, সেই সংসদের প্রথম কাজ হওয়া উচিত, এই সংবিধান সংস্কারের ব্যাপারে একটি সুস্পষ্ট রোডম্যাপ দেওয়া—কবে নাগাদ এই সংবিধান সংস্কারের কার্যক্রম শুরু হবে এবং কীভাবে এই সংবিধান সংস্কার সভা তার কাজ শুরু করবে।”

তিনি বলেন, “এটা অত্যন্ত দুঃখজনক একটা ব্যাপার যে, যে গণভোটে দুই-তৃতীয়াংশ মানুষ অর্থাৎ প্রায় ৬৮ শতাংশ মানুষ সংস্কারের পক্ষে ভোট দিয়েছে, সেই গণরায়কে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে। আমরা চাই, বাকি ২৩০ জন সংসদ সদস্যও যেন অবিলম্বে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেব শপথ গ্রহণ করেন এবং গণভোটের মাধ্যমে প্রাপ্ত যে গণরায়, সেটা বাস্তবায়ন করার ব্যাপারে তারা সিদ্ধান্ত নেন।”

জুলাই সনদ এবং গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে আয়োজিত মানববন্ধনে জুলাই আহত যোদ্ধা, শহীদ পরিবারের সদস্য এবং জুলাই ও সংস্কার নিয়ে কাজ করা বিভিন্ন সংগঠনের সদস্যরা অংশ নেন।

ঢাকা/রায়হান/রফিক 

সর্বশেষ

পাঠকপ্রিয়