জ্বালানি বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে যবিপ্রবির ১২ উদ্যোগ
যবিপ্রবি প্রতিনিধি || রাইজিংবিডি.কম
বৈশ্বিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে সরকারি নির্দেশনা অনুসরণ করে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) সাশ্রয়ী ব্যবস্থাপনায় ১২টি পদক্ষেপ গ্রহণ করেছে প্রশাসন।
মন্ত্রিপরিষদ বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের নির্দেশনার আলোকে সোমবার (২৯ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ১১৩তম রিজেন্ট বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী গঠিত একটি কমিটির জরুরি সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন কমিটির আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসেন আল মামুন।
সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, দিনের বেলায় পর্যাপ্ত প্রাকৃতিক আলো থাকলে বৈদ্যুতিক বাতি ব্যবহার না করে জানালা-দরজা খোলা রেখে আলো ব্যবহারে জোর দেওয়া হয়েছে। একই সঙ্গে বিভাগ ও দপ্তরগুলোকে প্রয়োজন অনুযায়ী সীমিতসংখ্যক বৈদ্যুতিক বাতি ব্যবহার এবং অতিরিক্ত আলোর ব্যবহার এড়িয়ে চলার নির্দেশ দেওয়া হয়েছে।
অফিস চলাকালীন প্রয়োজন ছাড়া ফ্যান, এয়ার কন্ডিশনারসহ অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রপাতি বন্ধ রাখার কথা বলা হয়েছে। বিশেষ করে এসি ব্যবহারে নিরুৎসাহিত করা হলেও যেসব ল্যাবে উন্নত যন্ত্রপাতি রয়েছে, সেখানে সীমিতভাবে এসি ব্যবহারের অনুমতি রাখা হয়েছে এবং তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি রাখার সুপারিশ করা হয়েছে।
এছাড়া, কক্ষ ত্যাগের সময় বাতি, ফ্যানসহ সব বৈদ্যুতিক যন্ত্র বন্ধ রাখা, অফিস শেষে সব ধরনের বৈদ্যুতিক সরঞ্জাম বন্ধ রাখা এবং করিডোর, সিঁড়ি ও ওয়াশরুমে অপ্রয়োজনীয় আলোর ব্যবহার বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সব ক্ষেত্রে বিদ্যুৎ সাশ্রয়ী যন্ত্রপাতি ব্যবহারের ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অপ্রয়োজনীয় আলোকসজ্জা পরিহার, বিভিন্ন অনুষ্ঠানে গ্যালারি ব্যবহারে নিরুৎসাহিত করা এবং প্রয়োজন হলে সীমিত পরিসরে বিদ্যুৎ ব্যবহার নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়েছে।
এসব সিদ্ধান্ত বাস্তবায়নে একটি মনিটরিং কমিটি গঠন করে তা দুইটি দলে ভাগ করে নিয়মিত তদারকির ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি জ্বালানি সংকটের তীব্রতা বিবেচনায় দূরপাল্লার কিছু রুটে বিশ্ববিদ্যালয়ের পরিবহন চলাচল সীমিত রাখার সুপারিশ করা হয়েছে।
এছাড়া, সচেতনতা বৃদ্ধির জন্য ক্যাম্পাসের বিভিন্ন ভবনের সামনে স্ট্যান্ড ব্যানার স্থাপন এবং শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে লিফলেট বিতরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবিলায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনা মেনে যবিপ্রবি শিক্ষা, গবেষণা ও দৈনন্দিন কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
ঢাকা/ইমদাদুল/জান্নাত
ফেরি পারাপারে ঝুঁকি কমাতে এখন থেকে কোনো বাস সরাসরি যাত্রীসহ ফেরিতে উঠতে পারবে না: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী