ঢাকা     রোববার   ২৯ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৬ ১৪৩২ || ১০ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

সারা বছর মৃত ভোটার বাদ দেবে ইসি

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:১১, ২৯ মার্চ ২০২৬   আপডেট: ১৯:১২, ২৯ মার্চ ২০২৬
সারা বছর মৃত ভোটার বাদ দেবে ইসি

সারা বছর মৃত ভোটারদের তালিকা থেকে বাদ দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এর আগে শুধু ভোটার তালিকা হালনাগাদের সময় মৃত ভোটারদের বাদ দেওয়া হতো।

রবিবার (২৯ মার্চ) ইসি’র সংশ্লিষ্ট কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। এ বিষয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) জাতীয় পরিচয়পত্র (এনআইডি) অনুবিভাগের মহাপরিচালক হুমায়ুন কবীরের সভাপতিত্বে একটি বৈঠক হবে।

বৈঠকে সারা বছর মৃত ভোটার বাদ দেওয়ার প্রক্রিয়া কার্যকর করতে প্রয়োজনীয় প্রস্তাব ও সুপারিশ নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে প্রধান নির্বাচন কমিশনার(সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানিয়েছিলেন, ইতোমধ্যে ২১ লাখ মৃত ভোটারকে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।

ইসির সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে মোট ভোটার ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন। তাদের মধ্যে পুরুষ ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ জন, নারী ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২৩২ জন।

ঢাকা/এমএসবি/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়