ঢাকা     রোববার   ২৯ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৬ ১৪৩২ || ১০ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

দুই তরুণের দাপটে জাগল গ্ল্যাডিয়েটর্স, ব্যাটিং ঝড়ে এলো প্রথম জয়

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৩৫, ২৯ মার্চ ২০২৬  
দুই তরুণের দাপটে জাগল গ্ল্যাডিয়েটর্স, ব্যাটিং ঝড়ে এলো প্রথম জয়

রবিবার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে জমে উঠেছিল রানের লড়াই। শুরুতে ধাক্কা খেলেও মাঝপথে দুই ব্যাটসম্যানের দৃঢ়তায় ম্যাচের মোড় ঘুরিয়ে দেয় কোয়েটা গ্ল্যাডিয়েটর্স। শেষ পর্যন্ত অলরাউন্ড পারফরম্যান্সে প্রতিপক্ষকে ৪০ রানে হারিয়ে চলতি আসরে নিজেদের প্রথম জয় তুলে নেয় তারা।

টস জিতে ব্যাটিংয়ে নামার পর গ্ল্যাডিয়েটর্সের শুরুটা ছিল হতাশাজনক। অল্প সময়ের মধ্যেই সাজঘরে ফিরে যান সৌদ শাকিল ও রাইলি রুশো। মাত্র কয়েক রানের মধ্যেই দুই উইকেট হারিয়ে চাপে পড়ে দলটি। তবে সেই চাপকে দারুণভাবে সামাল দেন শামিল হোসেন ও হাসান নাওয়াজ।

আরো পড়ুন:

তৃতীয় উইকেটে এই দুই ব্যাটসম্যান গড়ে তোলেন ম্যাচের ভিত্তি। সময় নিয়ে ইনিংস গড়ার পাশাপাশি আক্রমণাত্মক শটেও রান তুলেছেন তারা। শামিল খেলেছেন ৪১ বলে ৫৪ রানের দায়িত্বশীল ইনিংস, যেখানে ছিল বাউন্ডারি আর ছক্কার সমন্বয়। অন্য প্রান্তে সমান তালে এগিয়েছেন নাওয়াজ, ৪০ বলে করেছেন ৫৩ রান। তাদের এই জুটি দলকে বড় সংগ্রহের পথে এগিয়ে দেয়।

শেষদিকে এসে গতি বাড়ান টম কারান। অল্প বলেই কার্যকর ইনিংস খেলে দলের স্কোর নিয়ে যান দেড়শোর ওপরে। নির্ধারিত ওভার শেষে গ্ল্যাডিয়েটর্স দাঁড় করায় ১৭৪ রানের চ্যালেঞ্জিং পুঁজি।

জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই ছন্দ খুঁজে পায়নি হায়দরাবাদ কিংসমেন। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ম্যাচ থেকে ক্রমেই ছিটকে পড়ে তারা। প্রথম দশ ওভারের মধ্যেই পাঁচ উইকেট হারিয়ে ফেলে দলটি, যা তাদের জন্য বড় ধাক্কা হয়ে দাঁড়ায়।

পরবর্তীতে ইরফান নিয়াজি ও হাসান খান কিছুটা প্রতিরোধ গড়ে তুললেও সেটি কেবল ব্যবধান কমানোর জন্যই যথেষ্ট ছিল। শেষ পর্যন্ত নির্ধারিত ওভার শেষে তারা পৌঁছাতে পারেনি লক্ষ্যের কাছাকাছিও। ১৩৪ রানে থামে তারা।

বল হাতে গ্ল্যাডিয়েটর্সের হয়ে আবরার আহমেদ ছিলেন সবচেয়ে সফল। চার ওভারে কেবল ২৩ রান দিয়ে তিনটি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়ে প্রতিপক্ষের ব্যাটিং লাইনআপ ভেঙে দেন তিনি। পাশাপাশি আহমেদ দানিয়ালও মিতব্যয়ী বোলিংয়ে দুই উইকেট নিয়ে দলের জয়ে বড় ভূমিকা রাখেন।

এই জয়ে দুই ম্যাচ শেষে প্রথমবারের মতো জয়ের স্বাদ পেল গ্ল্যাডিয়েটর্স। অন্যদিকে নবাগত কিংসমেন টানা দ্বিতীয় পরাজয়ে পড়ে গেল চাপে। তবে এই ম্যাচ স্পষ্ট করে দিয়েছে- গ্ল্যাডিয়েটর্সের মিডল অর্ডার যদি এমন ধারাবাহিকতা ধরে রাখতে পারে, তাহলে তারা আসরে শক্ত প্রতিদ্বন্দ্বী হয়ে উঠবে।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়