ঢাকা     সোমবার   ৩০ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৭ ১৪৩২ || ১০ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

কর্মবিরতি প্রত্যাহার, রংপুরের ৮ জেলায় তেল সরবরাহ শুরু

দিনাজপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:২৭, ২৯ মার্চ ২০২৬   আপডেট: ২২:৩১, ২৯ মার্চ ২০২৬
কর্মবিরতি প্রত্যাহার, রংপুরের ৮ জেলায় তেল সরবরাহ শুরু

নীলফামারীতে জ্বালানি তেল চুরির অভিযোগে তিন জনকে কারাদণ্ড ও জরিমানার প্রতিবাদে শুরু হওয়া রংপুর বিভাগের আট জেলায় ট্যাংকলরি শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি ৯ ঘণ্টা পর প্রত্যাহার করা হয়েছে।

রবিবার (২৯ মার্চ) সন্ধ্যা ৬টায় রংপুর বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়ন কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দেয়।

সংগঠনটির সাধারণ সম্পাদক আতাউর রহমান বলেন, “প্রশাসনের পক্ষ থেকে কারাবন্দীদের মুক্তি দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। এর প্রেক্ষিতে শ্রমিকরা তাদের কর্মসূচি প্রত্যাহার করেছেন। দিনাজপুরের পার্বতীপুর রেলহেড অয়েল ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন ও সরবরাহ কার্যক্রম পুনরায় শুরু হয়েছে।”

এর আগে, সকাল ৯টা থেকে শুরু হওয়া কর্মবিরতির কারণে তেল সরবরাহ সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। শ্রমিকদের আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করে পেট্রোল পাম্প মালিক সমিতি। এতে রংপুর বিভাগসহ উত্তরাঞ্চলের আট জেলায় জ্বালানি তেল সরবরাহ ব্যবস্থা কার্যত অচল হয়ে পড়ে।

শ্রমিক ইউনিয়ন সূত্রে জানা যায়, শনিবার পার্বতীপুর রেলহেড অয়েল ডিপো থেকে যমুনা অয়েল কোম্পানির জ্বালানি তেল নিয়ে একটি ট্যাংকলরি নীলফামারীর উদ্দেশে রওনা দেয়। পথে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে চালক ও সহকারী গাড়ি থামিয়ে মেরামতের কাজ করছিলেন। সেই সময় নীলফামারীর এনডিসি নিয়াজ ভূঁইয়া ঘটনাস্থলে উপস্থিত হয়ে তেল চুরির অভিযোগ আনেন এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে লরি ম্যানেজার একরামুল হক, চালক শ্রীকৃষ্ণ ও সহকারী রিফাতকে ছয় মাসের কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করেন।

শ্রমিকরা এই দণ্ডকে ‘হয়রানিমূলক’ দাবি করে রবিবার সকাল থেকে কর্মবিরতি শুরু করেন, যা সন্ধ্যায় প্রত্যাহার করা হলো। এতে বিভাগের ৮ জেলায় তেল সরবরাহ শুরু হয়েছে।

পার্বতীপুর মডেল থানার ওসি আব্দুল ওয়াদুদ এসব তথ্য নিশ্চিত করেছেন।

ঢাকা/মোসলেম/রাজীব

সর্বশেষ

পাঠকপ্রিয়