সংসদে জুলাই সনদ বাস্তবায়নে জোরালো অবস্থান নাহিদ ইসলামের
জাতীয় সংসদের বর্তমান কার্যক্রমে গণভোট ও জুলাই সনদ বাস্তবায়নের বিষয়টি প্রতিফলিত হয়নি বলে অভিযোগ করেছেন বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নাহিদ ইসলাম।
রবিবার (২৯ মার্চ) বিকেলে সংসদ অধিবেশনে তিনি বলেছেন, “এসব জনগুরুত্বপূর্ণ ইস্যুকে উপেক্ষা করে সংসদের নিয়মিত কার্যক্রম এগিয়ে নেওয়া ঠিক হচ্ছে না।”
নাহিদ ইসলাম বলেন, “জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি গণভোট অনুষ্ঠিত হলেও সংসদের বর্তমান কার্যক্রমে সেই বাস্তবতার প্রতিফলন নেই। বিষয়টি এতটাই গুরুত্বপূর্ণ যে, এটি সংসদে অগ্রাধিকার ভিত্তিতে আলোচনায় আসা উচিত ছিল।”
তিনি আরো বলেন, “জনগুরুত্বপূর্ণ এসব ইস্যুর একটি গ্রহণযোগ্য সমাধান না হওয়া পর্যন্ত সংসদের দৈনন্দিন কার্যক্রম পরিচালনা সমীচীন নয়।”
বক্তব্যের শেষাংশে নাহিদ ইসলাম স্পিকার ও সংসদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “বিরোধী দলের পক্ষ থেকে আগেই এ বিষয়ে নোটিশ দেওয়া হয়েছে। তাই, গণভোট ও জুলাই সনদ বাস্তবায়ন আদেশ নিয়ে আগে আলোচনা করা প্রয়োজন।”
তিনি বলেন, “আমরা নিয়ম অনুযায়ী নোটিশ দিয়েছি। জনগুরুত্বপূর্ণ ইস্যু হিসেবে এ বিষয়ে আগে আলোচনা হওয়া উচিত। এটাই আমাদের অনুরোধ।”
ঢাকা/এএএম/রফিক
ফেরি পারাপারে ঝুঁকি কমাতে এখন থেকে কোনো বাস সরাসরি যাত্রীসহ ফেরিতে উঠতে পারবে না: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী