মার্চে প্রবাসী আয় ৪১ হাজার কোটি টাকা
জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম
মার্চ মাসের প্রথম ২৮ দিনে দেশে বৈধ পথে প্রবাসী বাংলাদেশীরা রেমিট্যান্স পাঠিয়েছে ৩৩৩ কোটি ২০ লাখ ডলার। দেশীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ৪০ হাজার ৯৮৩ কোটি টাকা (প্রতি ডলার ১২৩ টাকা ধরে)। যা গত বছরের একই সময়ের চেয়ে ৩.৩৮ শতাংশ বেশি।
রবিবার (২৯ মার্চ) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।
বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, চলতি অর্থ বছরের জুলাই থেকে ২৮ মার্চ পর্যন্ত প্রায় ৯ মাস সময়ে রেমিট্যান্স এসেছে ২ হাজার ৫৭৮ কোটি ৫০ লাখ ডলার। আগের অর্থবছরের একই সময়ে রেমিট্যান্স আসে ২ হাজার ১৬৯ কোটি ৯০ লাখ ডলার। আলোচ্য সময়ে রেমিট্যান্স প্রবৃদ্ধি হয়েছে ১৮ দশমিক ৮ শতাংশ।
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বলছেন, হুন্ডি প্রতিরোধে সরকার ও কেন্দ্রীয় ব্যাংকের উদ্যোগ, প্রণোদনা এবং ব্যাংকিং চ্যানেলের উন্নতি রেমিট্যান্স আয় বাড়াতে বড় ভূমিকা রেখেছে। তাছাড়া প্রবাসীদের মধ্যে পবিত্র ঈদুল ফিতরকে কেন্দ্র করে পরিবারের বাড়তি কেনাকাটা ও খরচ মেটাতে দেশে অতিরিক্ত অর্থ পাঠানো রেমিট্যান্স বৃদ্ধিতে ভূমিকা রেখেছে। এতে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভেও স্বস্তি ফিরেছে।
বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী, চলতি অর্থবছরের মাসভিত্তিক প্রবাসী আয়ের প্রবাহ ছিল যথাক্রমে জুলাইয়ে ২৪৭ কোটি ৭৮ লাখ ডলার, আগস্টে ২৪২ কোটি ১৮ লাখ ডলার, সেপ্টেম্বরে ২৬৮ কোটি ৫৫ লাখ, অক্টোবরে ২৫৬ কোটি ২৪ লাখ ডলার, নভেম্বরে এসেছে ২৮৮ কোটি ৯৫ লাখ ডলার, ডিসেম্বরে এসেছে ৩২২ কোটি ৬৬ লাখ ডলার, জানুয়ারিতে এসেছে ৩১৮ কোটি ডলার এবং ফেব্রুয়ারিতে রেমিট্যান্স এসেছে ৩০২ কোটি ১০ লাখ ডলার।
ঢাকা/নাজমুল/বকুল
ফেরি পারাপারে ঝুঁকি কমাতে এখন থেকে কোনো বাস সরাসরি যাত্রীসহ ফেরিতে উঠতে পারবে না: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী