বড় চোট এড়ালেন ভিনিসিয়ুস, রাফিনিয়ার ইনজুরিতে বিপাকে বার্সেলোনা
রিয়াল মাদ্রিদের জন্য স্বস্তির খবর। ভিনিসিয়ুস জুনিয়রের চোট নিয়ে বড় কোনো দুশ্চিন্তার কারণ নেই। ব্রাজিলের হয়ে আন্তর্জাতিক দায়িত্ব পালন করতে গিয়ে কিছুটা শারীরিক সমস্যা দেখা দিলেও গুরুতর ইনজুরি এড়াতে পেরেছেন এই তারকা উইঙ্গার।
ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচের আগে অনুশীলনে তাকে না দেখে উদ্বেগ তৈরি হয়েছিল। অরল্যান্ডোতে দলের সঙ্গে অনুশীলন না করে আলাদা করে জিমে পুনরুদ্ধার প্রক্রিয়ায় ছিলেন ২৫ বছর বয়সী এই ফুটবলার। ফ্রান্সের বিপক্ষে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রীতি ম্যাচের পর পেশিতে ক্লান্তি অনুভব করায় শঙ্কা তৈরি হয়েছিল। আরেকজন তারকা কি তবে ইনজুরির তালিকায় যোগ হচ্ছেন?
তবে সর্বশেষ খবর আশাব্যঞ্জক। জানা গেছে, বিষয়টি গুরুতর নয় এবং সতর্কতামূলক ব্যবস্থা হিসেবেই তাকে বিশ্রামে রাখা হয়েছে। ক্রোয়েশিয়ার বিপক্ষে না খেললেও আগামী সপ্তাহে মায়োর্কার বিপক্ষে রিয়াল মাদ্রিদের ম্যাচে তাকে পাওয়া যাবে বলেই আশা করা হচ্ছে। কোচ আলভারো আরবেলোয়ার জন্য এটি নিঃসন্দেহে বড় স্বস্তি। কারণ আন্তর্জাতিক বিরতিতে ইতোমধ্যেই কয়েকজন খেলোয়াড় ইনজুরিতে পড়েছেন।
তবে মাঠের বাইরে আরেকটি গুরুত্বপূর্ণ ইস্যু এখনও অমীমাংসিত। ভিনিসিয়ুসের নতুন চুক্তি। বিশ্বের অন্যতম সেরা ফরোয়ার্ডদের একজন হওয়া সত্ত্বেও তার চুক্তি নবায়ন নিয়ে এখনো কোনো অগ্রগতি হয়নি। আপাতত ক্লাব ও খেলোয়াড়; দু’পক্ষই মৌসুমের গুরুত্বপূর্ণ সময়ে মাঠের পারফরম্যান্সে মনোযোগ দিচ্ছে।
অন্যদিকে, রিয়ালের চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার জন্য এসেছে দুঃসংবাদ। ব্রাজিলের আরেক তারকা রাফিনিয়া গুরুতর হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েছেন। অন্তত ৫ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাকে, ফলে গুরুত্বপূর্ণ কয়েকটি ম্যাচে তাকে পাবে না দলটি।
ফ্রান্সের বিপক্ষে প্রীতি ম্যাচে প্রথমার্ধেই মাঠ ছাড়তে বাধ্য হন রাফিনিয়া। পরীক্ষার পর নিশ্চিত হওয়া গেছে, তার ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট লেগেছে। চিকিৎসার জন্য ইতোমধ্যেই ক্লাবে ফিরে গেছেন তিনি।
এদিকে, ক্লাব ফুটবল আবার শুরু হওয়ার সঙ্গে সঙ্গে নজর এখন লিগের লড়াইয়ে। দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদ মায়োর্কার বিপক্ষে ম্যাচে ভিনিসিয়ুসকে পেলে আত্মবিশ্বাস বাড়বে তাদের। শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে ব্যবধান এখন ৪ পয়েন্ট। তা কমানোর লক্ষ্যেই মাঠে নামবে তারা।
বার্সেলোনার সামনে চ্যালেঞ্জ আরও কঠিন। রাফিনিয়াকে ছাড়াই মাত্র ১০ দিনের মধ্যে অ্যাতলেতিকো মাদ্রিদের বিপক্ষে খেলতে হবে ৩টি ম্যাচ; একটি লিগে এবং দুটি ইউরোপের প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনালে।
সব মিলিয়ে, একদিকে ভিনিসিয়ুসের সুস্থতার খবরে স্বস্তি রিয়াল শিবিরে, অন্যদিকে রাফিনিয়ার চোটে চাপ বাড়ছে বার্সেলোনার ওপর। মৌসুমের এই গুরুত্বপূর্ণ সময়ে এই পার্থক্যই নির্ধারণ করে দিতে পারে শিরোপার ভাগ্য।
ঢাকা/আমিনুল
ফেরি পারাপারে ঝুঁকি কমাতে এখন থেকে কোনো বাস সরাসরি যাত্রীসহ ফেরিতে উঠতে পারবে না: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী