গোপালগঞ্জে চাঁদাবাজির মামলায় তিন জনের ৫ বছরের কারাদণ্ড
গোপালগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
গোপালগঞ্জে চাঁদাবাজির মামলায় তিন জনকে ৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাদের ২০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো চার মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
রবিবার (২৯ মার্চ) দুপুরে গোপালগঞ্জ যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ইয়াসিন আরাফাত এ রায় দেন।
সাজাপ্রাপ্তরা হলেন- গোপালগঞ্জের কাশিয়ানী থানাধীন খাগড়াবাড়িয়া গ্রামের মৃত বালা মিয়ার ছেলে মেহেদী হাসান মিয়া ওরফে রাসেল, এস এম সাজিদ ইয়াসিন ওরফে ইয়াসিন শেখ ও আব্দুল্লাহ শেখ ওরফে আব্দুল্লাহ।
মামলার এজাহার ও আদালত সূত্রে জানা গেছে, ২০২৩ সালের ৯ মার্চ কাশিয়ানী উপজেলার খাগড়াবাড়ী গ্রামে এস এস মেটালের যান তিন জন। পরবর্তীতে এস এস মেটালের ম্যানেজার আজিজুল ইসলাম মিয়ার কাছে চাঁদা দাবি করেন তারা। এ ঘটনায় গোপালগঞ্জের কাশিয়ানী থানায় আজিজুল ইসলাম মিয়া বাদী হয়ে মামলা করেন। দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আজ এই রায় ঘোষণা করেছেন।
বাদীপক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট এম এ আলম সেলিম এবং অ্যাডভোকেট ফয়সাল সিদ্দিকী। রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন তারা।
ঢাকা/বাদল/রাজীব
ফেরি পারাপারে ঝুঁকি কমাতে এখন থেকে কোনো বাস সরাসরি যাত্রীসহ ফেরিতে উঠতে পারবে না: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী