সেমিনারে বাঘ সংরক্ষণে সচেতনতা বাড়ানোর আহ্বান
বাগেরহাট প্রতিনিধি || রাইজিংবিডি.কম
সুন্দরবনে বাঘ সংরক্ষণ প্রকল্পের আওতায় বাগেরহাট প্রেস ক্লাবের হলরুমে সেমিনার অনুষ্ঠিত হয়।
সুন্দরবনে বাঘ সংরক্ষণ প্রকল্পের আওতায় বাগেরহাট প্রেস ক্লাবের হলরুমে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৯ মার্চ) সকাল সাড়ে ১০ টায় আয়োজিত এ সেমিনারে বাঘ সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধি ও সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।
সেমিনারে সভাপতিত্ব করেন সুন্দরবন পূর্ব বনবিভাগ বাগেরহাটের বিভাগীয় বন কর্মকর্তা রেজাউল করিম চৌধুরী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা অঞ্চলের বন সংরক্ষক ইমরান আহমেদ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ও বাঘ বিশেষজ্ঞ প্রফেসর ড. মোহাম্মদ আব্দুল আজিজ।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাগেরহাট প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক হেদায়েত হোসেন লিটন, সহ-সভাপতি এস এম রাজসহ স্থানীয় গণমাধ্যমকর্মী, বন বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী এবং বাঘ সংরক্ষণ প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট এনজিও প্রতিনিধিরা।
বক্তারা বলেন, সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় বাঘ সংরক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ জন্য জনসচেতনতা বৃদ্ধি, বনসম্পদ রক্ষা এবং স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি।
সেমিনারে বাঘ সংরক্ষণে করণীয় বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় এবং সমাজের সর্বস্তরে সচেতনতা ছড়িয়ে দিতে গণমাধ্যমসহ সংশ্লিষ্ট সকলকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।
ঢাকা/আমিনুল/বকুল
ফেরি পারাপারে ঝুঁকি কমাতে এখন থেকে কোনো বাস সরাসরি যাত্রীসহ ফেরিতে উঠতে পারবে না: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী