ঈদযাত্রা স্বস্তিদায়ক হয়েছে, দাবি মন্ত্রীর
এবার ঈদুল ফিতরের ছুটিতে মানুষের যাতায়াত তুলনামূলকভাবে স্বস্তিদায়ক হয়েছে বলে দাবি করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।
রবিবার (২৯ মার্চ) সচিবালয়ে সড়ক নিরাপত্তাবিষয়ক এক সভা শেষে প্রেস ব্রিফিংয়ে তিনি এ দাবি করেন।
মন্ত্রী বলেন, “বড় ধরনের যানজট বা ভোগান্তি ছাড়াই বিপুল সংখ্যক মানুষ নিরাপদে গন্তব্যে পৌঁছাতে পেরেছেন।”
“ঈদের সময় প্রায় দেড় কোটি মানুষ রাজধানী ছেড়েছে। অতীতের মতো দীর্ঘ যানজট, যানবাহনের সংকট কিংবা ঘণ্টার পর ঘণ্টা রাস্তায় আটকে থাকার পরিস্থিতি এবার তেমন দেখা যায়নি।”
তবে, তিনি স্বীকার করেন, দু’-একটি বড় দুর্ঘটনা ঘটেছে, যা সবাইকে মর্মাহত করেছে।
শেখ রবিউল আলম জানান, সড়ক ও নৌপথ মিলিয়ে এবার দুর্ঘটনায় ১৭০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে মহাসড়কে ৪৭ জন, নৌপথে ২৮ জন এবং রেলপথে ১৭ জনের মৃত্যু হয়েছে। গত বছর ঈদুল ফিতরের সময়ে ১১ দিনে দুর্ঘটনায় ১৮৭ জন নিহত হয়েছিল।
দুর্ঘটনার জন্য নির্দিষ্টভাবে কাউকে দায়ী না করে মন্ত্রী জানান, তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং যাদের সংশ্লিষ্টতা পাওয়া যাচ্ছে, তাদের বিরুদ্ধে আইনগত ও বিভাগীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। উদাহরণ হিসেবে তিনি রেলের দুই গার্ডকে বরখাস্ত ও গ্রেফতারের পাশাপাশি সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা তুলে ধরেন।
রাজবাড়ীর দৌলতদিয়ায় যাত্রীবাহী বাস দুর্ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, সংশ্লিষ্ট পরিবহন কোম্পানির ব্যাখ্যা সন্তোষজনক না হলে তাদের সব বাসের রুট পারমিট ও নিবন্ধন বাতিলের বিষয়টি বিবেচনায় নেওয়া হবে।
তবে, বেসরকারি সংস্থার দেওয়া মৃত্যুর পরিসংখ্যানের সঙ্গে সরকারের তথ্যের পার্থক্য রয়েছে বলেও জানান তিনি। মন্ত্রী দাবি করেন, সরকারের হিসাবে দুর্ঘটনা নিয়ন্ত্রণে রয়েছে এবং আগের তুলনায় পরিস্থিতির উন্নতি হয়েছে।
ঢাকা/এএএম/রফিক
ফেরি পারাপারে ঝুঁকি কমাতে এখন থেকে কোনো বাস সরাসরি যাত্রীসহ ফেরিতে উঠতে পারবে না: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী