মাকে হত্যার পর লাশ ঘরে তালাবন্ধ রেখে পালায় কিশোর ছেলে
টাঙ্গাইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম
টাঙ্গাইলের সখীপুরে মাকে হত্যার পর লাশ ঘরে তালাবন্ধ রেখে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে কিশোর ছেলের বিরুদ্ধে। সোমবার (৩০ মার্চ) বিকেলে পুলিশ মরদেহ উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
এর আগে, রবিবার দিবাগত রাতের কোনো এক সময় উপজেলার গজারিয়া পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মুক্তা আক্তার এই গ্রামের প্রবাসী আলহাজ মিয়ার স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, প্রতিদিনের মতো রবিবার রাতে ছেলে মুরাদ হাসান (১৬) ও মেয়ে ইয়ামিনকে (৫) নিয়ে নিজ ঘরে ঘুমিয়ে পড়েন মুক্তা। সোমবার সকালে ঘর তালাবন্ধ দেখে প্রতিবেশীদের সন্দেহ হয়। তালা ভেঙে ভেতরে ঢুকে মুক্তার রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন তারা। সেই সময় মুরাদ ও শিশু ইয়ামিনকে পাওয়া যায়নি।
স্থানীয় ইউপি সদস্য মিজানুর রহমান বলেন, “মুরাদ মাদকসেবী হিসেবে পরিচিত। ধারণা করা হচ্ছে, মাদকের টাকা না পেয়ে সে তার মাকে হত্যা করেছে। পরে ছোট বোনকে সঙ্গে নিয়ে ঘরে তালা লাগিয়ে পালিয়ে যায়।”
সখীপুর থানার ওসি মো. হেলাল উদ্দিন বলেন, “প্রাথমিকভাবে মনে হচ্ছে, মুক্তাকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে মুরাদ হোসেনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো কয়েকজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেছেন।”
ঢাকা/কাওছার/রাজীব
‘জুলাই যোদ্ধা সুরক্ষা অধ্যাদেশ’ বিল আকারে পাসের বিষয়ে ঐকমত্য: স্বরাষ্ট্রমন্ত্রী