মাটি-মানুষকে ভালোবাসার বন্ধনে বাঁধলেন বিদেশি দম্পতি
নরসিংদী প্রতিনিধি || রাইজিংবিডি.কম
যুক্তরাজ্যের নাগরিক লিব্বি কলিনস রান্নাও করলেন।
পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত— সংস্কৃতি, ভাষা আর জীবনযাত্রার পার্থক্য থাকা সত্ত্বেও মানুষের আন্তরিকতা যে সব বাধা ভেঙে দিতে পারে, এরই অনন্য উদাহরণ হয়ে উঠেছে নরসিংদীর মনোহরদী উপজেলার একদুয়ারিয়া গ্রাম।
সম্প্রতি যুক্তরাজ্যের দম্পতি তাজ ও লিব্বি কলিনস প্রত্যন্ত গ্রামটি ঘুরে দেখেন। চার দিনের এই সফরে তারা শুধু পর্যটক হয়ে থাকেননি, বরং গ্রামের সাধারণ মানুষের সঙ্গে মিশে গিয়ে তাদেরই একজন হয়ে ওঠেন।
গ্রামের পুকুরে নৌকা চালানো, খালে ঘুরে বেড়ানো, ধান কাটা ও মাথায় করে বহন করা, এমনকি গরুর দুধ দোহনের মতো কাজেও অংশ নেন তারা। শিশুদের সঙ্গে গল্প, স্থানীয়দের সঙ্গে কেরাম খেলা— সব মিলিয়ে তাদের অভিজ্ঞতা হয়ে ওঠে ব্যতিক্রমধর্মী।
তাজ জানান, এত দূরের একটি গ্রামে এসে এমন আন্তরিকতা পাবেন, তা তারা কল্পনাও করেননি। গ্রামবাসীর সহজ-সরল জীবনধারা ও আতিথেয়তায় তারা সত্যি মুগ্ধ। অন্যদিকে লিব্বি বলেন, বই বা সিনেমায় যে গ্রামীণ জীবন দেখেছেন, একদুয়ারিয়ায় এসে তার বাস্তব রূপ উপলব্ধি করেছেন।
এই সফরের আয়োজন করে ভ্রমণ প্রতিষ্ঠান তাবু ট্যুরস। প্রতিষ্ঠানটির প্রধান জাফর তুহিন জানান, তাদের উদ্দেশ্য শুধু ভ্রমণ নয়, বাংলার গ্রামীণ সংস্কৃতি ও জীবনধারা বিশ্বের সামনে তুলে ধরা। বিদেশি অতিথিরা এখানে স্থানীয় পরিবারের সঙ্গে থাকেন, তাদের খাবার খান, যা গ্রামীণ অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলে।
স্থানীয়দের মধ্যেও এই ধরনের পর্যটন নতুন অভিজ্ঞতা তৈরি করছে। গ্রামবাসী সাইদুর বলেন, বিদেশিদের সঙ্গে সময় কাটানো, কাজ করা সবার জন্য আনন্দের এবং স্মরণীয়। পাশাপাশি শিক্ষার্থীরা ইংরেজিতে কথা বলার সুযোগ পাচ্ছে, যা তাদের জন্য শেখার ক্ষেত্র হয়ে উঠেছে।
তাজ ও লিব্বি দম্পতির একদুয়ারিয়া গ্রামে একটি দ্বিতীয় সফর। গ্রামের পরিবেশ ও মানুষের ভালোবাসায় তারা এতটাই মুগ্ধ হয়েছেন, ভবিষ্যতে আবারও ফিরে আসার ইচ্ছা প্রকাশ করেছেন।
ঢাকা/হৃদয়/বকুল
‘জুলাই যোদ্ধা সুরক্ষা অধ্যাদেশ’ বিল আকারে পাসের বিষয়ে ঐকমত্য: স্বরাষ্ট্রমন্ত্রী