শাহীন আফ্রিদিকে ১০ লাখ রূপি জরিমানা
দলের নিরাপত্তা নীতিমালা লঙ্ঘনের অভিযোগে জরিমানার মুখে পড়েছেন লাহোর কোয়ালান্ডার্স অধিনায়ক শাহীন শাহ আফ্রিদি। ফ্র্যাঞ্চাইজিটি তাকে ১০ লাখ রুপি জরিমানা করেছে, যা দলীয় শৃঙ্খলা বজায় রাখার অংশ হিসেবে নেওয়া হয়েছে।
ক্লাবের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, দলীয় হোটেলে ঘটে যাওয়া একটি ঘটনার পর অভ্যন্তরীণ তদন্ত চালানো হয়। সেই তদন্তের ভিত্তিতেই এই শাস্তিমূলক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তবে ফ্র্যাঞ্চাইজিটি স্পষ্ট করেছে, ঘটনাটি ইচ্ছাকৃত ছিল না; বরং একটি ভুল বোঝাবুঝির ফল। একই সঙ্গে তারা অভিযোগ করেছে, কিছু প্রতিবেদনে বিষয়টি অতিরঞ্জিত ও ভুলভাবে উপস্থাপন করা হয়েছে।
শাস্তির বিষয়টি ইতোমধ্যে পাকিস্তান ক্রিকেট বোর্ডকেও জানানো হয়েছে বলে নিশ্চিত করেছে কোয়ালান্ডার্স কর্তৃপক্ষ।
বিবৃতিতে আরও বলা হয়, দলের ভেতরে জবাবদিহিতা নিশ্চিত করা এবং শৃঙ্খলা বজায় রাখতেই এই জরিমানা করা হয়েছে। পাশাপাশি, নিরাপত্তা নীতিমালার প্রতি ফ্র্যাঞ্চাইজির কঠোর অবস্থানও পুনর্ব্যক্ত করা হয়েছে।
ঢাকা/আমিনুল