ঢাকা     মঙ্গলবার   ৩১ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৮ ১৪৩২ || ১১ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

কুবিতে ছাত্রদল নেতার বিরুদ্ধে প্রশাসনে হস্তক্ষেপের অভিযোগ

কুবি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪৯, ৩১ মার্চ ২০২৬  
কুবিতে ছাত্রদল নেতার বিরুদ্ধে প্রশাসনে হস্তক্ষেপের অভিযোগ

শিক্ষামন্ত্রী আ. ন. ম. এহসানুল হক মিলনের নাম ব্যবহার করে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) প্রশাসনিক কার্যক্রম ও সিন্ডিকেট সভা আয়োজনে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে শাখা ছাত্রদলের সদস্য সচিব মোস্তাফিজুর রহমান শুভর বিরুদ্ধে।

সোমবার (৩০ মার্চ) দুপুরে উপাচার্য, উপ-উপাচার্য, রেজিস্ট্রার ও প্রক্টরের দপ্তরে গিয়ে তিনি এসব কার্যক্রমে বাধা দেন বলে অভিযোগ জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

আরো পড়ুন:

প্রশাসন সূত্রে জানা যায়, গত ৭ ফেব্রুয়ারি ১০৯তম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে, ছাত্রদলের বাধার মুখে সেটি পিছিয়ে ১৬ ফেব্রুয়ারি নির্ধারণ করা হয়। এরপরও একই কারণে তা আবার ২৬ ফেব্রুয়ারিতে সরানো হয়। কিন্তু, সেবারও বাধা দেওয়ায় তৃতীয় দফায় সভার নতুন তারিখ নির্ধারণ করা হয় আগামী ১৫ এপ্রিল। অভিযোগ রয়েছে, আসন্ন এ সভাটিও বন্ধ করতে হুমকি দিচ্ছেন সংশ্লিষ্ট ছাত্রনেতা।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো. আবদুল হাকিম বলেন, “ছাত্রদলের শুভসহ কয়েকজন আমার কাছে এসে দাবি করেন, শিক্ষামন্ত্রী মহোদয় সব কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন। তারা বলেন, কোনো সিন্ডিকেট সভা বা স্বাভাবিক প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করা যাবে না।”

সিন্ডিকেটের সদস্য সচিব ও রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক আনোয়ার হোসেন বলেন, “শুভসহ কয়েকজন এসে আমাকে হুমকি দিয়ে গেছেন যাতে কোনো সিন্ডিকেট সভা না হয়। এর আগে তিনবার তারিখ নির্ধারণ করেও তাদের বাধার কারণে সভা আয়োজন করা সম্ভব হয়নি। এখন ১৫ এপ্রিলের সভাটিও বন্ধ করার হুমকি দেওয়া হচ্ছে।”

কুবি উপাচার্য অধ্যাপক মো. হায়দার আলী বলেন, “শুভসহ কয়েকজন এসে সিন্ডিকেট সভা ও পদোন্নতি বোর্ড না করার কথা বলেছেন। আমি বলেছি, এতে শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হবে। জবাবে তারা বলেন, তাতে কোনো সমস্যা নেই।”

তিনি আরো বলেন, “গত তিন মাস ধরে চাইলেও সিন্ডিকেট সভা আয়োজন করা যাচ্ছে না। ফলে অনেক গুরুত্বপূর্ণ বিষয় অমীমাংসিত রয়ে গেছে। দ্রুত একটি সভা আয়োজন করে এসব সমস্যার সমাধান করার চেষ্টা করা হবে।”

তবে, অভিযোগ অস্বীকার করেছেন শাখা ছাত্রদলের সদস্য সচিব মোস্তাফিজুর রহমান শুভ। তিনি বলেন, “আমরা কোনো দপ্তরে গিয়ে সিন্ডিকেট সভা বন্ধ করতে বলিনি। ঈদের আগে আমাদের ছোট ভাইদের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় মামলা হয়নি, সে বিষয়ে খোঁজ নিতে আমরা গিয়েছিলাম।”

ঢাকা/এমদাদুল/জান্নাত

সর্বশেষ

পাঠকপ্রিয়