‘বি’ ক্যাটাগরিতে উন্নীত আলহাজ্ব টেক্সটাইল
পুঁজিবাজারে বস্ত্র খাতে তালিকাভুক্ত কোম্পানি আলহাজ্ব টেক্সটাইল মিলস লিমিটেডের ক্যাটাগরি পরিবর্তন করা হয়েছে। কোম্পানিটিকে ‘জেড’ থেকে ‘বি’ ক্যাটাগরিতে উন্নীত করা হয়েছে। এর আগে কোম্পানিটিকে ‘বি’ থেকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তরিত করা হয়েছিল।
মঙ্গলবার (৩১ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত সমাপ্ত অর্থ বছরে কোম্পানিটির পরিচালনা পর্ষদ সাধারণ বিনিয়োগকারীদের ৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে। ফলে প্রতিটি ১০ টাকা মূল্যের শেয়ারের বিপরীতে ০.৫০ টাকা নগদ লভ্যাংশ পেয়েছেন শেয়ারহোল্ডারা। এ লভ্যাংশ দেওয়া কোম্পানিটিকে ‘বি’ ক্যাটাগরিতে উন্নীত হয়েছে। মঙ্গলবার থেকে কোম্পানিটি ‘বি’ ক্যাটাগরিতে লেনদেন করছে।
তবে ক্যাটাগরি পরিবর্তনের কারণে আগামী ৭ কার্যদিবসের মধ্যে কোম্পানিটির শেয়ার কেনার ক্ষেত্রে ঋণ সুবিধা দিতে ব্রোকার হাউজ এবং মার্চেন্ট ব্যাংককে নিষেধ করেছে ডিএসই ও সিএসই, যেটা আজ থেকে কার্যকর হবে।
এর আগে, ২০২৪ সালের ২০ মে বিএসইসির জারি করা নির্দেশনার শর্ত অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে অনুমোদিত লভ্যাংশ শেয়ারহোল্ডাদের বিতরণ করতে ব্যর্থ হওয়ার জন্য সোমবার (৩০ মার্চ) কোম্পানিটিকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়। তবে শেয়ারহোল্ডারদের ঘোষিত নগদ লভ্যাংশ বন্টন করায় কোম্পানিটিকে ‘বি’ ক্যাটাগরিতে উন্নীত হয়েছে।
আলহাজ্ব টেক্সটাইল মিলস লিমিটেড পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় ১৯৮৩ সালে। ‘বি’ ক্যাটাগরির এ কোম্পানিটির পরিশোধিত মূলধন ২২ কোটি ২৯ লাখ ৯০ হাজার টাকা। সে হিসেবে মোট শেয়ার সংখ্যা ২ কোটি ২২ লাখ ৯৮ হাজার ৫৪৯টি। সর্বশেষ ২০১৬ সালের ২৮ মার্চ পর্যন্ত হিসাব অনুযায়ী, কোম্পানিটর উদ্যোক্তা পরিচালকদের হাতে ৩০.৬৫ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ১৪ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ৫৫.৩৪ শতাংশ শেয়ার রয়েছে।
ঢাকা/এনটি/ইভা