ঢাকা     মঙ্গলবার   ৩১ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৮ ১৪৩২ || ১১ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ভূমধ্যসাগরে সুনামগঞ্জের ১২ জনের মৃত্যু: ২ থানায় ৯ দালালের বিরুদ্ধে মামলা

সুনামগঞ্চ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২১, ৩১ মার্চ ২০২৬   আপডেট: ১৫:২৩, ৩১ মার্চ ২০২৬
ভূমধ্যসাগরে সুনামগঞ্জের ১২ জনের মৃত্যু: ২ থানায় ৯ দালালের বিরুদ্ধে মামলা

ভূমধ্যসাগরে নিহত সুনামগঞ্জের ১২ যুবকের মধ্যে ১০ জনের ছবি

লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে ভূমধ্যসাগরে সুনামগঞ্জের ১২ জন নিহতের ঘটনায় দিরাই ও জগন্নাথপুর থানায় ৯ দালালের বিরুদ্ধে পৃথক দুটি মামলা হয়েছে। 

সোমবার (৩০ মার্চ) রাতে মানবপাচার আইনে দিরাই থানায় চার মানবপাচারকারীসহ অজ্ঞাত নামা ব্যক্তিদের আসামি করে মামলা করেন অভিবাসন প্রত্যাশায় নিহত দিরাইয়ের জগদলের সোহানুর রহমানের বাবা ছালিকুর রহমান।

আরো পড়ুন:

আরো পড়ুন: ভূমধ্যসাগরে নৌকাডুবিতে প্রাণ হারানো ১০ জনের বাড়ি সুনামগঞ্জ 

একই আইনে মানবপাচার চক্রের পাঁচজনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত আরো কয়েকজনকে আসামি করে জগন্নাথপুর থানায় পৃথক আরেকটি মামলা করেন নিহত আমিনুর রহমানের বাবা হাবিবুর রহমান।

মামলার বিষয়টি রাইজিংবিডি ডটকমকে নিশ্চিত করে অতিরিক্তি পুলিশ সুপার সুজন সরকার বলেন, “সুনামগঞ্জের ১২ জন নিহতের খবর পেয়েছি, এই ঘটনায় নিহতদের পরিবারের অভিযোগে দুইটি মামলা হয়েছে। এর একটি দিরাই থানায় ও আরেকটি জগন্নাথপুর থানায় হয়েছে।” 

তিনি বলেন, “এ ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের কয়েকজনের নাম পেয়েছি। কেউ কেউ দেশে আছেন, কেউ কেউ বিদেশে অবস্থান করছেন। আমরা তাদের আইনের আওতায় আনব।” 

অতিরিক্তি পুলিশ সুপার সুজন সরকার বলেন, “ভবিষ্যতে যেন এমন ঘটনা না ঘটে, সেই জন্যে আমরা আইনী ব্যবস্থা গ্রহণ করব। স্থানীয়দেরকে সচেতন করার জন্যে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি।”

গত শনিবার লিবিয়া থেকে ভূমধ্যসাগর হয়ে অবৈধভাবে ইতালি যাওয়ার পথে গ্রিসের উপকূলে ২২ জন অভিবাসীর মৃত্যু ঘটে। যাদের মধ্যে ১৮ জন বাংলাদেশি বলে বিভিন্ন গণমাধ্যমে উল্লেখ করা হয়েছে। এরমধ্যে সুনামগঞ্জের তিন উপজেলার ১২ জন রয়েছেন। খাবার ও বিশুদ্ধ পানির তীব্র সংকটের কারণে ভূমধ্যসাগরে বোটই তারা প্রাণ হারান। পরে তাদের মরদেহ সাগরে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ ওঠে। ওই দলের উদ্ধার হওয়া একজন ও নিহতদের পরিবার সুনামগঞ্জে ১২ জনের পরিচয় নিশ্চিত করেছেন।

নিহতদের মধ্যে সুনামগঞ্জের দিরাই উপজেলার ছয়জন, দোয়ারাবাজারের একজন ও জগন্নাথপুরের পাঁচজন রয়েছেন। 

নিহতদের স্বজনদের অভিযোগ, দিরাই উপজেলার মানবপাচারকারীর সঙ্গে জনপ্রতি ১২ লাখ টাকায় চুক্তি হয়। চুক্তি অনুযায়ী, বড় ও নিরাপদ নৌকায় করে যাত্রার কথা থাকলেও শেষ পর্যন্ত অভিবাসনপ্রত্যাশীদের ছোট ও ঝুঁকিপূর্ণ নৌকায় তুলে দেওয়া হয়।

ঢাকা/মনোয়ার/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়