বিশ্বকাপের আগে চাকরি গেল ঘানার কোচ ওটো আদ্দোর
বিশ্বকাপ শুরু হতে আর মাত্র ৭২ দিন বাকি, ঠিক এমন সময়েই বড় সিদ্ধান্ত নিল ঘানা ফুটবল অ্যাসোসিয়েশন। টানা পরাজয়ের ধাক্কায় জাতীয় দলের প্রধান কোচ ওটো আদ্দোকে বরখাস্ত করা হয়েছে।
সোমবার এক বিবৃতিতে ঘানা ফুটবল অ্যাসোসিয়েশন জানায়, সিনিয়র জাতীয় দল ‘ব্ল্যাক স্টারস’-এর কোচ হিসেবে আদ্দোর সঙ্গে তাদের পথচলা তাৎক্ষণিকভাবে শেষ করা হয়েছে। তবে নতুন কোচ কে হবেন বা ঠিক কী কারণে এই সিদ্ধান্ত। সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।
সর্বশেষ জার্মানির বিপক্ষে ২-১ গোলে হারের পরই এই সিদ্ধান্ত আসে। এর আগে অস্ট্রিয়ার কাছে ৫-১ ব্যবধানে হারের পাশাপাশি টানা ৪টি প্রীতি ম্যাচে পরাজয়ের ধাক্কা সহ্য করতে হয়েছে দলটিকে।
এটি ছিল আদ্দোর দ্বিতীয় দফায় কোচিং দায়িত্ব। ২০২৪ সালের মার্চে ক্লাব দায়িত্ব থেকে অব্যাহতি নিয়ে আবারও জাতীয় দলে যোগ দেন তিনি। এর আগে ২০২২ সালে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব পালন করেন এবং কাতার বিশ্বকাপেও দলকে নেতৃত্ব দেন। সেই আসরে দক্ষিণ কোরিয়াকে হারালেও গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছিল ঘানাকে।
খেলোয়াড়ি জীবনেও সাফল্য ছিল আদ্দোর। জার্মানিতে জন্ম নেওয়া এই সাবেক ফুটবলার ক্লাব পর্যায়ে লিগ শিরোপা জিতেছেন এবং ২০০৬ বিশ্বকাপে ঘানার হয়ে খেলেছেন।
এবারের বিশ্বকাপে পঞ্চমবারের মতো অংশ নিচ্ছে ঘানা। গ্রুপ ‘এল’-এ তাদের প্রতিপক্ষ ক্রোয়েশিয়া, ইংল্যান্ড ও পানামা। ১৭ জুন টরন্টোতে পানামার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে আফ্রিকার এই দলটি।
ঢাকা/আমিনুল
অনলাইনেও ক্লাস নেওয়ার কথা ভাবছে সরকার: শিক্ষামন্ত্রী