ঢাকা     শনিবার   ২০ জুন ২০২৬ ||  আষাঢ় ৬ ১৪৩৩ || ৪ মহররম ১৪৪৮ হিজরি

Risingbd Online Bangla News Portal

চোটে বাইরে থাকলেও পর্তুগালের ভরসা রোনালদো, বললেন মার্তিনেজ

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১৫, ৩১ মার্চ ২০২৬  
চোটে বাইরে থাকলেও পর্তুগালের ভরসা রোনালদো, বললেন মার্তিনেজ

বয়স ৪১। তবুও পর্তুগাল দলে ক্রিস্টিয়ানো রোনালদোর গুরুত্ব একটুও কমেনি। বরং দলটির জন্য এখনও তিনি অনুপ্রেরণার প্রতীক। এমনটাই মনে করেন কোচ রোবের্তো মার্তিনেজ।

আরো পড়ুন:

হ্যামস্ট্রিং ইনজুরির কারণে আপাতত মাঠের বাইরে আছেন রোনালদো। তবুও তার প্রভাব নিয়ে কোনো সংশয় নেই কোচের। মার্তিনেজ বলেন, “ক্রিস্টিয়ানো আমাদের অধিনায়ক, একজন আদর্শ খেলোয়াড়। তার মধ্যে এখনও ক্ষুধা আছে। প্রতিদিন নিজেকে আরও উন্নত করার।”

তিনি আরও বলেন, “সে শুধু ৪১ বছরের একজন ফুটবলার নয়, বরং এমন একজন, যে প্রতিনিয়ত নিজেকে নতুন করে গড়ে তুলতে চায়। তরুণদের জন্য সে অনুপ্রেরণা, দিকনির্দেশনা দেয়। দলের মূল্যবোধকে ধারণ করে।”

মাঠের পারফরম্যান্সেও রোনালদো এখনও সমান কার্যকর। গত ৩০ ম্যাচে তার গোল সংখ্যা ২৫- যা প্রমাণ করে, বয়স বাড়লেও ধার কমেনি তার।

বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের বিপক্ষে খেলতে পারেননি রোনালদো। ফেব্রুয়ারি ২৮ তারিখে ক্লাবের হয়ে খেলতে গিয়ে চোট পাওয়ার পর থেকেই তার ফিটনেস নিয়ে কিছুটা উদ্বেগ ছিল।

তবে আশার খবরও দিয়েছেন মার্তিনেজ। আলাদা করে অনুশীলন করছেন রোনালদো এবং সবকিছু ঠিক থাকলে আগামী সপ্তাহেই মাঠে ফেরার সম্ভাবনা রয়েছে তার। কোচের ভাষায়, “চোটটা গুরুতর নয়। খুব শিগগিরই সে অনুশীলন ও ম্যাচে ফিরবে।”

২০০৩ সালে আন্তর্জাতিক ফুটবলে অভিষেকের পর থেকে পর্তুগালের হয়ে ২২৬ ম্যাচে ১৪৩ গোল করে ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা তিনি। সামনে হয়তো আরও একটি বিশ্বকাপ। যা হলে সেটি হবে তার ৬ষ্ঠ আসর, এক নতুন রেকর্ড।

তবে অবসরের বিষয়ে এখনও কিছুই জানাননি রোনালদো। এ প্রসঙ্গে মার্তিনেজ বলেন, “তার ক্যারিয়ারের শেষ কখন; এটা বলা কঠিন। আমি শিখেছি, রোনালদোর ভবিষ্যৎ নিয়ে আগাম কিছু বলা ঠিক নয়। সে বর্তমানেই মনোযোগ দেয়, সেরাটা দেওয়ার চেষ্টা করে।”

ঢাকা/আমিনুল

সর্বশেষ

পাঠকপ্রিয়