হামের সঙ্গে নিউমোনিয়ায় আক্রান্ত শিশুদের অবস্থা জটিল হচ্ছে
নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম
হামে আক্রান্ত অনেক শিশুর নিউমোনিয়া দেখা দিচ্ছে, যা তাদের অবস্থা আরও সংকটাপন্ন করে তুলছে।
দেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। চলতি বছর এখন পর্যন্ত এই রোগে আক্রান্ত হয়ে অন্তত ৩৯ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে শুধু চলতি মাসেই মারা গেছে ৩৩ জন। মৃতদের মধ্যে রাজধানীর মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালে মারা গেছে ২৩ শিশু। মৃত শিশুদের প্রায় সবারই হামের পাশাপাশি গুরুতর নিউমোনিয়া, ডায়রিয়া কিংবা চোখের প্রদাহ ছিল বলে জানিয়েছেন চিকিৎসকেরা।
বিশেষজ্ঞরা বলছেন, হামে আক্রান্ত অনেক শিশুর মধ্যে নিউমোনিয়ার মতো জটিলতা দেখা দিচ্ছে, যা তাদের অবস্থা আরও সংকটাপন্ন করে তুলছে। হাম শরীরের রোগ প্রতিরোধক্ষমতা দুর্বল করে দেয়। ফলে শিশুরা সহজেই অন্যান্য সংক্রমণে আক্রান্ত হচ্ছে।
রাজধানীর মহাখালীর ১০০ শয্যার সংক্রামক ব্যাধি হাসপাতাল ঘুরে দেখা গেছে, হামের সঙ্গে নিউমোনিয়ায় আক্রান্ত বেশ কয়েকজন শিশু চিকিৎসাধীন রয়েছে। হাসপাতালের তৃতীয় তলার একটি ওয়ার্ডে ছয় মাস বয়সী শিশু রাফিকে অক্সিজেন সাপোর্টে রাখা হয়েছে। শিশুটির মা কাশফিয়া বলেন, ‘‘পাঁচ দিন আগে জ্বর ও শরীরে ফুসকুড়ি নিয়ে ওকে হাসপাতালে ভর্তি করি। পরে শ্বাসকষ্ট বেড়ে গেলে পরীক্ষায় নিউমোনিয়া ধরা পড়ে।’’
একই ওয়ার্ডে চার মাস বয়সী আয়েশাও ভর্তি রয়েছে। তার মা জাহানারা আক্তার বলেন, ‘‘প্রথমে হাম শনাক্ত হলেও কয়েক দিনের মধ্যে কাশি ও শ্বাস নিতে কষ্ট শুরু হয়। পরে চিকিৎসকেরা নিশ্চিত করেন, সে নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছে।’’ চিকিৎসকরা আয়েশার অবস্থা আশঙ্কাজনক বলে জানান।
একই হাসপাতালে আইসিইউতে ভর্তি রয়েছে আট মাস বয়সী শিশু সিয়াম। তার বাবা মো. রুবেল জানান, কয়েক দিন ধরে জ্বর ও ফুসকুড়ির পর হঠাৎ করে শিশুটির শ্বাসকষ্ট মারাত্মকভাবে বেড়ে যায়। দ্রুত হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকেরা তাকে আইসিইউতে রেখে চিকিৎসার পরামর্শ দেন।
হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক তানজিনা জাহান বলেন, ‘‘চলতি বছর এখন পর্যন্ত ৫৬০ জন হামের রোগী ভর্তি হয়েছে। গত বছর পুরো সময়ে এই সংখ্যা ছিল ৬৯ জন। শুধু চলতি মাসের প্রথম ২৯ দিনেই ভর্তি হয়েছে ৪৪৮ জন রোগী।বর্তমানে হাসপাতালে ৯০ জন হামের রোগী ভর্তি রয়েছে। এর মধ্যে ১২ জন আইসিইউতে চিকিৎসাধীন।’’
তিনি আরও বলেন, সক্ষমতার চেয়ে বেশি রোগীকে সেবা দিতে হচ্ছে। ওয়ার্ডে জায়গা না থাকায় বারান্দায় বেডের ব্যবস্থা করা হয়েছে। তবে ওষুধ ও চিকিৎসকের সংকট নেই।
হামের সঙ্গে নিউমোনিয়ায় আক্রান্ত শিশুদের বিশেষ যত্ন নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
শিশু বিশেষজ্ঞ অধ্যাপক ডা. আবুল বাশার বলেন, ‘‘হামে আক্রান্ত শিশুদের মধ্যে নিউমোনিয়া দেখা দিলে পরিস্থিতি দ্রুত জটিল হয়ে ওঠে। অনেক ক্ষেত্রে এটি জীবনহানির ঝুঁকি বাড়িয়ে দেয়। আক্রান্ত ভাইরাস শরীরের রোগ প্রতিরোধক্ষমতা মারাত্মকভাবে দুর্বল করে দেয়। ফলে ফুসফুসে ব্যাকটেরিয়া বা ভাইরাস সহজেই সংক্রমণ ঘটাতে পারে।’’
তিনি আরও বলেন, ‘‘বর্তমানে হাসপাতালে ভর্তি হওয়া অনেক শিশুর মধ্যে তীব্র শ্বাসকষ্ট, দীর্ঘস্থায়ী জ্বর এবং অক্সিজেনের ঘাটতির মতো উপসর্গ দেখা যাচ্ছে। বিশেষ করে অপুষ্টিতে ভোগা এবং নিয়মিত টিকা না পাওয়া শিশুদের অবস্থা দ্রুত অবনতি হচ্ছে। অনেক ক্ষেত্রে আইসিইউ সাপোর্ট পর্যন্ত প্রয়োজন হচ্ছে।’’
এই পরিস্থিতিতে অভিভাবকদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে এই বিশেষজ্ঞ বলেন, ‘‘শিশুর জ্বরের সঙ্গে কাশি, শ্বাস নিতে কষ্ট হওয়া বা অস্বাভাবিক ক্লান্তি দেখা দিলে অবহেলা না করে দ্রুত হাসপাতালে নিতে হবে। একই সঙ্গে নিয়মিত টিকাদান, ভিটামিন এ গ্রহণ এবং পুষ্টিকর খাদ্য নিশ্চিত করাই এ ধরনের জটিলতা প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায়।’’
ঢাকা/এমএসবি//
অনলাইনেও ক্লাস নেওয়ার কথা ভাবছে সরকার: শিক্ষামন্ত্রী