চাঁদপুরে লঞ্চে সন্তান প্রসব, মিষ্টি খেতে দেওয়া হলো টাকা
চাঁদপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
চাঁদপুরে যাত্রিবাহী লঞ্চে সন্তান প্রসব করেন ফাতেমা আক্তার (৩২)। ঘটনাটি লঞ্চের যাত্রীদের মধ্যে আনন্দ বইয়ে দেয়। এ সময় মিষ্টি খাওয়ার জন্য লঞ্চ কর্তৃপক্ষ ফাতেমার হাতে ৫ হাজার টাকা তুলে দেন।
মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে লঞ্চে সিরারচর থেকে চাঁদপুর যাওয়ার পথে কন্যাসন্তান প্রসব করেন ফাতেমা আক্তার। বিষয়টি নিশ্চিত করেন এমবি হাশিমপুর লঞ্চের সুপারভাইজার রুহুল আমিন।
ফাতেমা আক্তার মতলব উত্তরের জহিরাবাদ ইউনিয়নের চর উমেদ গ্রামের আল আমিন প্রধানীয়ার স্ত্রী। এর আগে তার দুটি সন্তান রয়েছে। এটি তার তৃতীয় সন্তান।
রুহুল আমিন বলেন, প্রসব বেদনা নিয়েই একলাসপুর ঘাটে আসেন ফাতেমা। আমরা লঞ্চ নিয়ে নারায়ণগঞ্জ থেকে চাঁদপুর যাচ্ছিলাম। ফাতেমা সদর হাসপাতালে যাওয়ার উদ্দেশ্যে লঞ্চে ওঠে। কিন্তু মেঘনা নদী অতিক্রমকালে লঞ্চের মধ্যেই তার প্রসব বেদনা তীব্র হয়। তখন আমাদের স্টাফ ও নারী যাত্রীদের সহায়তায় সে কন্যাসন্তান প্রসব করে।’’
‘‘মিষ্টি খেতে লঞ্চ কর্তৃপক্ষের নির্দেশনায় তাকে ৫ হাজার টাকা দেওয়া হয়েছে,’’ বলেন তিনি।
রুহুল আমিন আরও জানান, নবজাতক এবং মাকে এরপর দ্রুত হাসপাতালে পাঠানো হয়। নবজাতক সুস্থ রয়েছে।
ঢাকা/অমরেশ//
অনলাইনেও ক্লাস নেওয়ার কথা ভাবছে সরকার: শিক্ষামন্ত্রী