ঢাকা     মঙ্গলবার   ৩১ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৭ ১৪৩২ || ১২ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

খুবি শিক্ষার্থীর মৃত্যুতে প্রতিবাদ কর্মসূচি, নিরাপদ সড়কের দাবি

খুবি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:২৭, ৩১ মার্চ ২০২৬   আপডেট: ১৯:২৮, ৩১ মার্চ ২০২৬
খুবি শিক্ষার্থীর মৃত্যুতে প্রতিবাদ কর্মসূচি, নিরাপদ সড়কের দাবি

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) আইন ডিসিপ্লিনের ২১ ব্যাচের শিক্ষার্থী মৌমিতা হালদারের সড়ক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যুর প্রতিবাদ এবং নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থী ও শিক্ষকদের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের হাদি চত্বরে আয়োজিত এই সমাবেশে বিভিন্ন ডিসিপ্লিনের শিক্ষার্থীরা অংশ নেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এতে সংহতি প্রকাশ করেন।

আরো পড়ুন:

সমাবেশে অংশ নিয়ে চতুর্থ বর্ষের শিক্ষার্থী তৌকির জোয়ার্দার বলেন, “আমরা গতকাল রাতেই তাৎক্ষণিকভাবে বিক্ষোভ করে ২৪ ঘণ্টার মধ্যে বিচারের দাবি জানিয়েছিলাম। কিন্তু, ১২ ঘণ্টা পার হলেও এখনো দোষীদের শনাক্ত করা হয়নি। আমরা চাই, লাইসেন্সবিহীন সব যানবাহন চলাচল বন্ধ করা হোক।”

আরেক শিক্ষার্থী রেজওয়ানুল হক রাদ বলেন, “আমরা এমন এক বাস্তবতায় বাস করছি, যেখানে সড়কে বের হলেই নিরাপত্তা নিয়ে শঙ্কা থাকে। অথচ সড়ক প্রতিমন্ত্রী দাবি করেছেন, এবারের ঈদযাত্রা সুষ্ঠু ও স্বস্তিদায়ক ছিল।”

আইন ডিসিপ্লিনের শিক্ষক তানিয়া সুলতানা বলেন, “আমার ছাত্রীর প্রাণ চলে গেছে। এটি শুধু দুর্ঘটনা নয়, এটি পরিকল্পিত হত্যাকাণ্ডও হতে পারে। প্রশাসন যদি নিষ্ক্রিয় থাকে, তাহলে আমরা আর কোনো মৌমিতাকে হারাতে চাই না।”

আইন ডিসিপ্লিনের প্রধান পুনম চক্রবর্তী বলেন, “আইনের প্রতি শ্রদ্ধাবোধ না থাকলে নিরাপদ সড়ক নিশ্চিত করা সম্ভব নয়। আমরা এ ঘটনার ন্যায়বিচার চাই।”

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিম বলেন, “এ ধরনের ঘটনায় আমি ব্যক্তিগতভাবে ব্যথিত। আমি শিক্ষার্থীদের পাশে আছি। সবাই সোচ্চার থাকলে ন্যায়বিচার নিশ্চিত করা সম্ভব।”

সমাবেশ শেষে শিক্ষার্থীরা সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা, লাইসেন্সবিহীন যানবাহন বন্ধ করা এবং দুর্ঘটনা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানান। একই সঙ্গে তারা নিরাপদ সড়কের দাবিতে প্রশাসন ও সরকারের দৃষ্টি আকর্ষণ করেন।

ঢাকা/হাসিবুল/জান্নাত

সর্বশেষ

পাঠকপ্রিয়