অনলাইন ও অফলাইনে ক্লাস চালুর উদ্যোগ
ফাইল ছবি
দেশে জ্বালানি সংকট মোকাবিলায় স্কুল-কলেজের পাঠদান ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তনের পরিকল্পনা নিয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ঢাকাসহ সব মহানগরের শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে তিন দিন অনলাইন এবং বাকি তিন দিন সরাসরি (অফলাইন) ক্লাস চালুর বিষয়ে উদ্যোগ নেওয়া হয়েছে।
মঙ্গলবার (৩১ মার্চ) সচিবালয়ে অনুষ্ঠিত এক সমন্বয় সভায় এই সিদ্ধান্তের বিষয়ে আলোচনা হয়। সভায় শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষা বোর্ডের প্রতিনিধিরা এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা উপস্থিত ছিলেন। যদিও এখনো এ বিষয়ে আনুষ্ঠানিক নির্দেশনা জারি করা হয়নি।
শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, শিগগিরই এ বিষয়ে বিস্তারিত নির্দেশনা দেওয়া হবে। প্রাথমিকভাবে সপ্তাহে ছয় দিন ক্লাস চালু থাকবে এর মধ্যে তিন দিন অনলাইনে এবং তিন দিন শ্রেণিকক্ষে পাঠদান চলবে।
সূত্র জানায়, জোড়-বিজোড় দিনের ভিত্তিতে অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি নির্ধারণের পরিকল্পনা রয়েছে। শিক্ষকরা নিয়মিতভাবে শিক্ষাপ্রতিষ্ঠানে উপস্থিত থাকবেন এবং নির্ধারিত দিনগুলোতে শিক্ষার্থীরা অনলাইনে যুক্ত হয়ে পাঠ গ্রহণ করবে।
এর আগে সকালে শিক্ষামন্ত্রী ড. এ এন এম এহসানুল হক মিলন বলেন, “জ্বালানি সংকটের প্রেক্ষাপটে বিকল্প পদ্ধতিতে শিক্ষাদান চালুর বিষয়টি বিবেচনায় নেওয়া হচ্ছে। এরই অংশ হিসেবে অনলাইন ও অফলাইন সমন্বিত এই নতুন ব্যবস্থা কার্যকর করার উদ্যোগ নেওয়া হয়েছে।”
ঢাকা/এএএম/এসবি
২৭ হাজার টন ডিজেল নিয়ে চট্টগ্রামে এল ‘পিভিটি সোলানা’