জাবিতে সাংবাদিক হেনস্তা, ৩ ছাত্রসংগঠনের নিন্দা
জাবি প্রতিনিধি || রাইজিংবিডি.কম
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, হুমকি ও মব সৃষ্টির চেষ্টার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ও জাতীয় ছাত্রশক্তি। সংগঠনগুলো সাংবাদিকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত এবং জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে।
মঙ্গলবার (১৯ মে) পৃথক প্রেস বিজ্ঞপ্তি ও যৌথ বিবৃতিতে সংগঠনগুলো এ ঘটনার প্রতিবাদ জানায়।
শাখা ছাত্রশিবিরের সভাপতি মো. মোস্তাফিজুর রহমান ও সেক্রেটারি মো. মাজহারুল ইসলাম স্বাক্ষরিত যৌথ বিবৃতিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ে স্বাধীন ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পরিবেশ বজায় রাখা একটি গণতান্ত্রিক ও সুস্থ শিক্ষাঙ্গনের অপরিহার্য অনুষঙ্গ। সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকদের হুমকি দেওয়া, ভয়ভীতি প্রদর্শন কিংবা উসকানিমূলক বক্তব্যের মাধ্যমে মব সৃষ্টির চেষ্টা স্বাধীন সাংবাদিকতার নীতিমালার পরিপন্থি এবং উদ্বেগজনক।
তারা আরো বলেন, সাংবাদিকরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনিয়ম, অসংগতি ও শিক্ষার্থীদের অধিকারসংক্রান্ত বিষয় তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। দায়িত্ব পালনরত গণমাধ্যমকর্মীদের লাঞ্ছিত করার চেষ্টা কিংবা ‘ক্যারিয়ার ধ্বংসের’ হুমকি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ক্যাম্পাসে সাংবাদিকদের নিরাপদ ও স্বাধীনভাবে কাজের পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আহ্বান জানান তারা।
ছাত্রদলের দপ্তর সম্পাদক আব্দুল্লাহ অন্তর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আহ্বায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর ও সদস্যসচিব ওয়াসিম আহমেদ অনীক বলেন, গণমাধ্যম একটি গণতান্ত্রিক রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্তম্ভ। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সাংবাদিকরা সমাজ ও রাষ্ট্রের প্রতি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সাংবাদিকদের স্বাধীনভাবে তথ্য সংগ্রহ ও সংবাদ প্রকাশের পরিবেশ বাধাগ্রস্ত হওয়া অত্যন্ত উদ্বেগজনক এবং মতপ্রকাশের স্বাধীনতার পরিপন্থি।
তারা বলেন, ভিন্নমত বা কোনো পরিস্থিতিকে কেন্দ্র করে সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, পেশাগত দায়িত্ব পালনে বাধা কিংবা হেনস্তার ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ক্যাম্পাসকে মুক্তচিন্তা, সহনশীলতা ও গণতান্ত্রিক চর্চার নিরাপদ স্থান হিসেবে বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল আচরণের আহ্বান জানান তারা।
ছাত্রশক্তি দপ্তর সম্পাদক কাজী মেহরাব তুর্য স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংবাদিকদের সঙ্গে অশালীন আচরণ, অকথ্য ভাষায় গালাগালি, মারমুখী আচরণ এবং সংবাদ প্রকাশকে কেন্দ্র করে মব সৃষ্টির অপচেষ্টা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (জাবিসাস) ও প্রেসক্লাবের যৌথ বিবৃতিতে সাংবাদিকদের ‘ক্যারিয়ার ধ্বংসের’ হুমকি, ভয়ভীতি প্রদর্শন এবং পরিকল্পিতভাবে টার্গেট করার বিষয় উঠে এসেছে, যা স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকিস্বরূপ। সংগঠনটি দ্রুত জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত এবং সাংবাদিকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবি জানায়।
গত রবিবার (১৭ মে) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কার্যালয়ের সামনে কয়েকজন আন্দোলনকারীর প্রক্টরকে অকথ্য ভাষায় গালাগালি ও মারতে তেড়ে যাওয়ার পরিস্থিতির ভিডিও ধারণ করতে গেলে সাংবাদিকদের সঙ্গে এ ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, নৃবিজ্ঞান বিভাগের ৪৯ তম ব্যাচের শিক্ষার্থী নূর-এ-তামিম স্রোত, অর্থনীতি বিভাগের ৪৯ তম ব্যাচের শিক্ষার্থী নাফিজ রাতুল, নৃবিজ্ঞান বিভাগের ৫০ তম ব্যাচের শিক্ষার্থী সানজিদা আফরিন এবং নৃবিজ্ঞান বিভাগের ৫২ তম ব্যাচের শিক্ষার্থী আনিকা তাবাসসুম ফারাবিসহ কয়েকজন শিক্ষার্থী সাংবাদিকদের উদ্দেশে অশালীন ভাষায় গালাগালি ও মারমুখী আচরণ করেন।
পরে ওই ভিডিও বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে অর্থনীতি বিভাগের ৫২ তম ব্যাচের শিক্ষার্থী নাজিহা নাওয়ার প্রকাশকারী গণমাধ্যমের প্রতিনিধিদের উদ্দেশে আক্রমণাত্মক ভাষায় ‘ক্যারিয়ার ধ্বংসের’ হুমকি দেন। এ সময় কয়েকজন শিক্ষার্থী তাকে উসকানিমূলক সমর্থন দেন বলেও অভিযোগ উঠেছে।
তিনটি সংগঠনই ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িতদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা এবং ক্যাম্পাসে সাংবাদিকদের স্বাধীন ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়েছে।
ঢাকা/আহসান/জান্নাত