খুমেকে অগ্নিকাণ্ড: আইসিইউ থেকে নিয়ে যাওয়ার সময় রোগীর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক, খুলনা || রাইজিংবিডি.কম
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত একটি ওয়ার্ড।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ইমারজেন্সি ওটিতে লাগা অগ্নিকাণ্ডের ঘটনায় নাসরিন নাহার নামে এক রোগীর মৃত্যু হয়েছে। স্বজনরা তাড়াহুড়া করে বের করে নিয়ে যাওয়ার সময় অক্সিজেনের অভাবে তার মৃত্যু হয় বলে জানিয়েছেন চিকিৎসক।
হাসপাতালের আইসিইউ বিভাগের প্রধান ডা. দিলিপ কুমার কুন্ডু বলেন, “নাসরিন নাহার নামে এক রোগী ভেন্টিলেশনে ছিলেন। সেখানে মোট ১৫ জন রোগী ছিল। আমরা সবাইকে নিরাপদে নিতে পেরেছি। ওই রোগীর স্বজনরা নিজেরাই তাকে সরিয়ে নিয়ে যাচ্ছিলেন, নামিয়ে নিয়ে যাওয়ার পথেই রোগীর মৃত্যু হয়।”
হাসপাতাল সূত্রে জানা যায়, জন্মগত ডায়াবেটিসের কারণে গত রবিবার হাসপাতালে ভর্তি হন কয়রা এলাকার নেছার আলির মেয়ে নাসরিন নাহার। বুধবার সকালে আগুনের আতঙ্কে তাকে তাড়াহুড়া করে বের করার চেষ্টা করেন স্বজনরা। ধারণা করা হচ্ছে, মুখে লাগানো মাক্স খুলে গেলে অক্সিজেনের অভাবে তিনি মারা যান।
বুধবার (২০ মে) ভোর ৬টার দিকে হাসপাতালের জরুরি অপারেশন থিয়েটারে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট এক ঘণ্টার বেশি সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. কাজী আইনুল ইসলাম বলেন, “ঠিক কি কারণে আগুন লেগেছে এখনো জানা যায়নি। আগুনের কারণে হাসাপাতালে অক্সিজেন সাপ্লাই ব্যহত হওয়ায় এই মুহূর্তে সব ধরণের অপারেশন বন্ধ রাখা হয়েছে।”
হাসপাতালের একটি সূত্র জানায়, আগুন ছড়িয়ে পড়লে মুহূর্তের মধ্যে রোগী, রোগীর স্বজন ও চিকিৎসকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আইসিইউ কক্ষ থেকে রোগীদের শয্যাসহ তাৎক্ষণিক বাইরে রেব করে দেওয়া হয়। তিনতলা থেকে লাফ দিয়ে পড়া নার্স ও চিকিৎসক আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
ঢাকা/নূরুজ্জামান/মাসুদ