ঢাকা     বুধবার   ২০ মে ২০২৬ ||  জ্যৈষ্ঠ ৬ ১৪৩৩ || ৩ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

চাঁদা না দেওয়ায় মারধরে আহত অটোচালক মারা গেছেন

নারায়ণগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩০, ২০ মে ২০২৬   আপডেট: ১১:৪৪, ২০ মে ২০২৬
চাঁদা না দেওয়ায় মারধরে আহত অটোচালক মারা গেছেন

অটোচালকের মৃত্যুর ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তারের দাবিতে সড়কে বিক্ষোভ করেন এলাকাবাসী।

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ১০টাকা চাঁদা না দেওয়ায় মারধরে আহত অটোচালক মো. মমিন মারা গেছেন।

বুধবার (২০ মে) সকালে ঢাকার একটি হাসপাতালে মারা যান তিনি। তার মৃত্যুর খবরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন এলাকাবাসী। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আরো পড়ুন:

শনিবার বিকেলে সোনারগাঁও উপজেলার দড়িকান্দি বাসস্ট্যান্ড এলাকায় মমিনকে মারধর করেন শাহিন নামে এক ব্যক্তি। ঘটনার পর থেকে তিনি পলাতক। 

মারা যাওয়া মমিন উপজেলার নাজিরপুর এলাকার আব্দুল হাকিমের ছেলে।

নিহতের স্ত্রী রিনা বেগম জানান, শনিবার বিকেলে দড়িকান্দি বাসস্ট্যান্ডে লাইনম্যান শাহিন অটোচালক মমিনের কাছ থেকে ১০টাকা চাঁদা নেন। কিছুক্ষণ পর আবারো তিনি চাঁদা দাবি করেন। এসময় মমিন পুনরায় চাঁদা দিতে অস্বীকৃতি জানান। বাকবিতাণ্ডার একপর্যায়ে শাহিন হাতে থাকা লাঠি দিয়ে মমিনের মাথায় এলোপাতাড়ি আঘাত করেন। গুরুতর আহত হয়ে জ্ঞান হারিয়ে ফেলেন মমিন। পরে সেখানে উপস্থিত অন্য চালকদের সহযোগীতায় মমিনকে ঢাকায় একটি হাসপাতালে ভর্তি করা হয়। দুইদিন চিকিৎসাধীন থাকার পর আজ সকালে তিনি মারা যান।

মমিনের মৃত্যুর খবরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধন এলাকাবাসী। তারা মমিনকে হত্যায় জড়িত ব্যক্তিকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারোয়ার বলেন, “আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন। অভিযুক্তকে গ্রেপ্তার করতে আমাদের অভিযান অব্যাহত আছে।”

ঢাকা/অনিক/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়