ইবিতে কর্মকর্তা সমিতির নির্বাচন শনিবার
ইবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম
ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) কর্মকর্তা সমিতির ২০২৬–২৭ বর্ষের নির্বাচন শনিবার (৪ এপ্রিল) অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ উপলক্ষে মঙ্গলবার (৩১ মার্চ) বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রেস কর্নারে সংবাদ সম্মেলনের মাধ্যমে সম্মিলিত কর্মকর্তা ঐক্য পরিষদের ব্যানারে ‘মঈদ বাবুল-তোজাম’ পরিষদ তাদের প্যানেল পরিচিতি ও নির্বাচনি প্রতিশ্রুতি তুলে ধরে।
সংবাদ সম্মেলনে নেতারা কর্মকর্তাদের বিভিন্ন দাবি, অধিকার ও উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরেন। তারা জানান, নির্বাচিত হলে কর্মকর্তাদের ন্যায্য সুযোগ-সুবিধা নিশ্চিত করা এবং প্রশাসনিক কাঠামোয় ইতিবাচক পরিবর্তন আনা হবে তাদের প্রধান লক্ষ্য।
ঘোষিত প্যানেলে সভাপতি পদে রয়েছেন পরীক্ষা নিয়ন্ত্রক অফিসের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক আব্দুল মঈদ বাবুল এবং সাধারণ সম্পাদক পদে কেন্দ্রীয় গ্রন্থাগারের জুনিয়র লাইব্রেরিয়ান তোজাম্মেল হক তোজাম। সহ-সভাপতি পদে আছেন মেডিক্যাল সেন্টারের উপ-রেজিস্ট্রার ইয়ারুল ইসলাম ও এস্টেট অফিসের উপ-রেজিস্ট্রার ড. ওয়াহীদুজ্জামান। যুগ্ম-সম্পাদক পদে ট্রেজারার অফিসের উপ-পরিচালক মোহাম্মদ আলী জিন্নাহ, কোষাধ্যক্ষ পদে আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের উপ-রেজিস্ট্রার জাহিদুল ইসলাম এবং প্রচার ও দপ্তর সম্পাদক পদে পরিবহন অফিসের উপ-রেজিস্ট্রার আরিফ হোসেন রয়েছেন।
এছাড়া, সাংস্কৃতিক, সাহিত্য, পত্রিকা ও ক্রীড়া সম্পাদক পদে হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের জুনিয়র লাইব্রেরিয়ান আব্দুর রাজ্জাক এবং মহিলা বিষয়ক সম্পাদক পদে অর্থ ও হিসাব বিভাগের উপ-পরিচালক সুলতানা পারভীন মনোনীত হয়েছেন। সদস্য পদে রয়েছেন শহিদুল ইসলাম শহিদ, আবু জাফর আদম, জাহাঙ্গীর আলম, সাইদুর রহমান, খোয়াজ আলী ও আমিরুল ইসলাম।
সংবাদ সম্মেলনে তারা কর্মকর্তাদের অবসরের বয়সসীমা ৬২ বছর নির্ধারণ, বেতন কাঠামোর অসংগতি দূরীকরণ, পদোন্নতির সময়সীমা ১০ বছরে নির্ধারণ, ১১ জন কর্মকর্তার সাময়িক বহিষ্কার প্রত্যাহার, ৪ শতাংশ সুদের ঋণের সঙ্গে কর্পোরেট লোনের সমন্বয়, অবসরপ্রাপ্ত কর্মকর্তা সেল গঠন, দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ ও কর্মশালার আয়োজন, উন্নত ক্যান্টিন সুবিধা, বেনেভোলেন্ট ফান্ডের সুবিধা বৃদ্ধি, কল্যাণ তহবিলের অর্থ সময়মতো প্রদান, পরীক্ষার পারিশ্রমিক বৃদ্ধি, ইমামদের পদোন্নতিতে বৈষম্য দূরীকরণ এবং টেকনিক্যাল কর্মকর্তাদের জন্য সমান সুযোগ-সুবিধা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন।
সভাপতি প্রার্থী আব্দুল মঈদ বাবুল বলেন, “দীর্ঘদিন নির্বাচন না হওয়ায় কর্মকর্তারা তাদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত ছিলেন। তাদের দাবির প্রেক্ষিতেই এবারের নির্বাচনের আয়োজন করা হয়েছে।” তাদের ইশতেহারের প্রধান দাবি কর্মকর্তাদের চাকরির মেয়াদ ৬২ বছর নির্ধারণ করা। এছাড়াও, নির্বাচিত হলে প্রশাসনের কাছে কর্মকর্তাদের সব ন্যায্য দাবি ও অধিকার আদায়ে তারা সোচ্চার থাকবেন বলে জানান তিনি।
তিনি আরো বলেন, “কর্মকর্তা সমিতিকে একটি নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলা হবে, যেখানে প্রত্যেক কর্মকর্তা সম্মান ও নিরাপত্তা পাবেন। দলীয় বিভেদ ভুলে নির্দলীয়ভাবে কর্মকর্তাদের কল্যাণে কাজ করার আহ্বান জানাই।”
আগামী শনিবার সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
ঢাকা/তানিম/জান্নাত
২৭ হাজার টন ডিজেল নিয়ে চট্টগ্রামে এল ‘পিভিটি সোলানা’